নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয়
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০১
অসামপ্রদায়িক, গণতান্ত্রিক, নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের সমান অধিকার রক্ষায় সকল প্রকার সামপ্রদায়িক অপচেষ্টা ও ধর্মভিত্তিক রাজনৈতিক অপতত্পরতা ও রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করা, অবিলম্বে ’৭২-এর সংবিধান অনুযায়ী অসাম্প্রদায়িক চেতনার পুনঃপ্রতিষ্ঠা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ঘোষিত রায় অবিলম্বে কার্যকর ও পোশাক শিল্পে কর্মরত সকল শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ ১৪ দফা দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, রাজনৈতিক অঙ্গনের চলমান অস্থিরতার মধ্যে প্রধান বিরোধীদল জামায়ত-শিবিরকে সাথে নিয়ে সকল অপকর্ম নৈতিকভাবে সমর্থন করছে। শুধু সরকার উত্খাতের কৌশল হিসাবে শুরু হওয়া সহিংস কার্যকলাপ যা অপরিণামদর্শী ও দেশের সাধারণ জনগোষ্ঠীর জন্য দুর্ভোগ ডেকে আনছে। এর পাশাপাশি হঠাত্ গজিয়ে উঠা ধর্মাশ্রয়ী দল হেফাজতে ইসলাম নামধারী গোষ্ঠী দেশব্যাপী ব্যাপক তত্পরতার কথাও তারা উল্লেখ করেন নেতৃবৃন্দ।