শান্তি আলোচনায় নওয়াজের পাশে জমিয়তে উলামায়ে ইসলাম

তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের সঙ্গে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে সেদেশের জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউএল-এফ)। সোমবার জেইউএল-এফ এর মুখপাত্র জান আচাতজাই বলেন, সরকার গঠনে আমাদের মধ্যে এখনও কোন ঐকমত্য না হলেও তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আমরা একমত। এ নিয়ে আমাদের মাঝে আন্তরিকতার কোন অভাব নেই। পাশপাশি পিএমএল-এনও এই প্রস্তাবে একাত্মতা ঘোষণা করেছে। খবর ডন অনলাইনের । সূত্র জানায়, উভয় দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হয়েছে, তারা তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় যৌথভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে ‘জিরগা’র মাধ্যমে এ আলোচনা অনুষ্ঠিত হবে। জেইউএল-এফ এর মুখপাত্র আচাতজাই দলের প্রধান ফজলুর রহমানের উদ্ধৃতি করে বলেন, এ ব্যাপারে দুই দলের মধ্যে একটা চুক্তি হয়েছে। এতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী উভয় দল তালেবানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে। জেইউএল-এফ এর প্রধান বলেন, পিএমএল-এন ক্ষমতায় আসার পর যত শীঘ্রই সম্ভব এই আলোচনা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তারা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছেন এবং সে অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি বলেন, এরই নিরিখে পরবর্তী কালে একটি রোডম্যাপ তৈরি করা হবে। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রায় ৩০টি মূলধারার রাজনৈতিক এবং ধর্মীয় দল একমত হয় যে তারা জিরগা’র মাধ্যমে শান্তি আলোচনায় বসবে। উল্লেখ্য নওয়াজ শরীফ গত ১১ মে’র নির্বাচনে জয়লাভ হওয়ার পর সমপ্রতি টিটিপি (পাকিস্তান তেহরিক-ই তালেবান) তার প্রতি শান্তি আলোচনায় প্রস্তাব দেয়। এরই পরিপ্রেক্ষিতে নওয়াজ পরবর্তীতে বলেন যে, তালেবানের পক্ষ থেকে যে কোন আলোচনার প্রস্তাব আমাদের গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। কেননা বন্দুক আর ক্ষমতার মাধ্যমে সবকিছুর সমাধান হয় না।