ফিলিস্তিনের জন্য জন কেরির অর্থনৈতিক পরিকল্পনা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০৫
ফিলিস্তিনের অর্থনীতিকে জোরদার করার জন্য ৪০০ কোটি ডলারের একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জর্ডানে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলন শেষে এক বক্তব্যে তিনি একথা জানান।
মি. কেরি বলেন, এই পরিকল্পনার ফলে ফিলিস্তিনি অর্থনীতি আগামী তিন বছরে ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এই প্রস্তাবের ফলে পর্যটন, নির্মাণশিল্প এবং উত্পাদনশীল খাতে সুযোগ সৃষ্টির ফলে বেকারত্ব কমবে বলে তিনি উল্লেখ করেন। মি. কেরি বলেন, এ প্রস্তাবটির মতো রূপান্তরশীল এবং ভিন্নধর্মী কোন পরিকল্পনা এর আগে কখনোই হয়নি। এই পরিকল্পনাটিতে ইসরাইলী এবং ফিলিস্তিনের নেতারাও সমর্থন দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন।
সম্মেলনে ইসরাইলী প্রেসিডেন্ট সিমন পেরেজ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বক্তব্য রাখেন। অবশ্য জন কেরি এই বলেও সতর্ক করে দেন যে, সম্ভাব্য এ অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করবে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রচেষ্টার অগ্রগতির ওপরে।