সম্পর্কের উন্নতি চাইলে এখনই সংলাপ
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০৫
উত্তর কোরিয়ার দেয়া একটি যৌথ স্মরণোত্সবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া যদি সত্যিই আন্ত:কোরীয় সম্পর্কের উন্নতি চায় তাহলে উচিত হবে বিশ্বাস স্থাপনের জন্য যত দ্রুত সম্ভব দক্ষিণ কোরীয় সরকারের সাথে সংলাপ শুরু করা। গত বুধবার এক ফ্যাক্স বার্তায় উত্তর কোরিয়া দুই কোরিয়ার যৌথ ঘোষণার ১৩তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কোরিয়াকে এই স্মরণোত্সবের প্রস্তাব দেয়। এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে একদিকে কায়সং ইস্যুতে সরকারি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিন্তু বেসরকারি সংগঠন নিয়ে স্মরণোত্সবের প্রস্তাব দিয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র ‘দক্ষিণ কোরিয়ার সরকার ও জনগণের প্রতি বিরোধ প্রদর্শনের’ জন্য উত্তর কোরিয়ার এই দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। ঐ মুখপাত্র যত শীঘ্রই সম্ভব বিচ্ছিন্ন করা হটলাইনগুলো পুনরায় চালু করা এবং কায়সং ইস্যুতে আলোচনার প্রস্তাবে সাড়া দেয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহবান জানান। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে বিদ্রূপ করে দেয়া উত্তর কোরিয়ার বক্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করেন। ইয়ুনহাপ সংবাদ সংস্থা তথ্য অনুসারে, গত শনিবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘পুতুল প্রেসিডেন্ট’ বলে তীব্রভাবে বিদ্রূপ করে।