সংবাদ কণিকা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০৬
ভারতে এইডস আক্রান্ত ৪০ লাখ!
পার্শ্ববর্তী দেশ ভারতে এইডস বা এইচআইভি আক্রান্তদের সংখ্যা প্রায় ৪০ লাখের মতো। দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার পরই ভারতের স্থান। সমপ্রতি এক গবেষণায় এ তথ্য পাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন, ভারতের মত জনবহুল দেশে যেখানে স্বাস্থ্য পরিসেবা খারাপ, জনগণের একটা অংশ অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত, সেখানে এইডস সংক্রমণ বাড়াটা অস্বাভাবিক নয়। পাশাপাশি গবেষকরা ভারতে এইচআইভি সংক্রমণ বাড়ার কারণ হিসাবে বলেছেন দেশটির বিশাল জনসংখ্যাকে। তবে এই মরণব্যাধি কেন্দ্রীভূত থাকে সমাজের গরিব, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে? যার মধ্যে আছে গ্রাম থেকে শহরে আসা শ্রমিক, ড্রাগ সেবনকারী, পুরুষে-পুরুষে যৌন সম্পর্ক ও যৌনকর্মী। -ডয়চে ভেলে
‘তুরস্কে গভীররাতে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ’
অ্যালকোহলের বিক্রি ও বিজ্ঞাপনের ওপর বিধিনিষেধ আরোপ করে একটি বিতর্কিত আইন পাস করেছে তুরস্কের পার্লামেন্ট। নতুন আইনানুযায়ী তুরস্কে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি বন্ধ থাকবে এবং এই সময় এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাও করতে পারবে না কোনো প্রতিষ্ঠান। —রয়টার্স
হামলার পাঁচ সপ্তাহ পর শেষ হলো বোস্টন ম্যারাথন
বোমা হামলার মুখে পরিত্যক্ত হওয়ার প্রায় পাঁচ সপ্তাহ পর কয়েক হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতীকীভাবে শেষ করা হলো যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথন। শনিবার শেষ এক মাইল দৌড়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা ম্যারাথন দৌড়টি সম্পূর্ণ করেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন। গত ১৫ এপ্রিল বিশ্বখ্যাত বোস্টন ম্যারাথন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ২৫০ জনেরও বেশি আহত হয়। ওই হামলার সঙ্গে চেচেন বংশোদ্ভুত দুই ভাই তামারলেন সারানেভ ও জোখার সারানেভ জড়িত ছিল বলে ধারণা করা হয়। বোমা হামলায় নিহত তিনজনের স্মরণে যুক্তরাষ্ট্রের তিনটি ও চীনের একটি পতাকা উত্তোলন করা হয়। —রয়টার্স
ক্যান্সারে মারা গেলেন জোলির খালা
হলিউডের চলচ্চিত্রাভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির খালা স্তন ক্যান্সারে ভুগে রবিবার মারা গেছেন। অস্কারজয়ী এই অভিনেত্রীর মায়ের সর্বকণিষ্ঠ বোন ডেব্বি মার্টিন ৬১ বছর বয়সে সানদিয়াগোর নিকটবর্তী এসকোন্দিদোর পালোমার মেডিক্যাল সেন্টারে মারা যান। ক্যালিফোর্নিয়ায় ঐ হাসপাতালের মুখপাত্র এ খবর জানান। এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে জোলি জানিয়েছিলেন, স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কায় নিজের দুটি স্তনই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন। ২০০৭ সালে তার মা ৫৬ বছর বয়সে একই রোগে ভুগে মারা যান। -রয়টার্স