তৃতীয় বিশ্বে গণতন্ত্রের মানে ও মূল্য

২০১৩ সালের পঞ্চম মাস এখনও অতিক্রান্ত হয় নাই। এরই মধ্যে রাজনৈতিক ঘূর্ণাবর্ত কাড়িয়া লইয়াছে ১৯২টি প্রাণ। হরতালে প্রাণ হারাইয়াছেন ৮৯ জন। বাকি ১০৩ জনের জীবন গিয়াছে বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত রাজনৈতিক সহিংসতায়। সম্প্রতি এই হিসাব প্রকাশ করিয়াছে একটি ইংরেজি দৈনিক। সম্মুখে বত্সরের আরও সাত মাস পড়িয়া আছে। জীবন সংহার কিংবা প্রাণপাতের এই ধারা অব্যাহত থাকিলে অনাগত সাত মাসে কী ঘটিতে পারে, তাহা ভাবিয়া শঙ্কিত-বিচলিত না হইয়া পারা যায় না। একদা যাহারা প্রবল প্রাণাবেগে শ্লোগান দিত যে, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’—তাহারা নিশ্চয়ই এখন রক্তস্রোতের উপরে ন্যায়ের শুভ্র রেণু দেখিতে পাইতেছেন। আর যাহারা অল্পেই বিহ্বল হইয়া পড়েন, তাহারা সন্তাপ করিয়া বাতাস ভারি করিয়া তোলেন। পরিতাপ, ত্যাগের মহিমা খুঁজিয়া দেখিবার প্রয়োজনীয়তা তাহারা কদাচিত্ অনুভব করিয়া থাকেন। তাহাদের কি ইহা বুঝিবার দরকার নাই যে, সব জিনিসেরই একটা মূল্য থাকে। যে কোনো জিনিস পাইতে হইলে দাম দিতে হইবে। তাহা হইলে গণতন্ত্রের জন্য দাম দিতে হইবে না কেন? এই মহার্ঘ পাইবার সাধ আমাদের বহুকালের। গণতন্ত্রের জন্যই আসলে আমরা স্বাধিকার আন্দোলন হইতে স্বাধীনতার সংগ্রাম করিয়াছি। রক্ত দিয়া স্বাধীনতা পাইয়াছি। গণতন্ত্রও পাই নাই, সেই কথা বলিবার অবকাশ কোথায়! উহাও পাইয়াছি আলবত্। নব্বই দশকের পুরাটা জুড়িয়া সংগ্রাম করিয়া আমরা আনিয়াছি সংসদীয় গণতন্ত্র। গণতন্ত্রের জয় নিশান আমাদের আকাশে পতপত করিয়া উড়িতেছে। বেশ তো ভালো কথা। কিন্তু এই জিনিসের কী মূল্য নাই! তৃতীয় বিশ্বের দেশগুলিতে দেখা যাইতেছে মানুষের রক্তই কেবল ‘গণতন্ত্র’ নামের মহার্ঘের উচিত মূল্য বলিয়া স্থির করিয়া লওয়া হইয়াছে। সেই মূল্যই আমরা দিয়া চলিয়াছি। প্রশ্ন উঠিতে পারে যে, গণতন্ত্রের জন্য আর কাত মূল্য দিব? এই জিজ্ঞাসার জবাব কে দিবে? গণতন্ত্রের কথাই যখন উঠিল তখন ইহা লইয়া কিঞ্চিত্ আলোচনা হইতে পারে বৈ কি। রাষ্ট্রচিন্তার সমুদ্রমন্থন করিয়া কোটেবল কোটেশন দিয়া গণতন্ত্রের দোষ ও গুণ সম্পর্কে বলিতে গেলে বিশালায়তন একখানা কিতাব যে রচিত হইয়া যাইবে, তাহা বলাই বাহুল্য। সত্য বটে, গণতন্ত্রের দোষও আছে, গুণও আছে। নিশ্চয়ই আছে ইহার ছদ্মবেশও। ইহা হইতে যাহার যাহা লইবার, সে তাহাই লইয়া থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থই বুঝিতে পারিয়াছিলেন যে, কোনো বিষয় বা বস্তুর দোষ ও গুণ পৃথক করিয়া লইতে বাঙালি ওস্তাদ। তাহারা হাতির বিশালত্ব ও সৌন্দর্য হইতে উহার খারাপ দিকটা ঠিক আলাদা করিয়া লইতে পারে। গণতন্ত্রের খারাপ দিকটাইবা কেন তবে সমগ্রের সহিত অবিমিশ্র হইয়া থাকিবে! জনান্তিকে বলিয়া রাখা ভাল যে, তৃতীয় বিশ্বের দেশসমূহে গণতন্ত্র বলিতে বুঝায় ভোট এবং মেয়াদান্তে ক্ষমতা পরিবর্তনের একটা পদ্ধতি মাত্র। এক পক্ষ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত মসনদে আসীন থাকিবে এবং জনগণকে শাসন ও শোষণ করিবে, যাহা মনে লয় তাহাই করিবে। তাহার পর অন্য আরেক দল আসিবে। তাহারা পূর্ববর্তীগণের পদাংক অনুসরণ করিবে। আর এই নিয়াই যত গণ্ডগোল। যাহারা ‘বর্তমান’ তাহারা ভাবে আমরা ছাড়িব না। না ছাড়িবার জন্য উপায় সন্ধান করে। পক্ষান্তরে, বর্তমানে যাহারা নাই তাহারা ভাবে শীঘ্রই মঞ্চ খালি করিয়া দেওয়া হইতেছে না কেন? এখন আমরা গণতন্ত্রের নাটক করিব, তাহারা প্রস্থান করুক। ক্ষমতার মঞ্চে প্রবেশ ও প্রস্থান লইয়াই যত বিপত্তি, এই জন্যই জীবন দিতে হয়। যাহারা জীবন দেন তাহারা অসাধারণ নন, অতি সাধারণ। দল বা দলের নেতাদের ক্ষমতা পাওয়াইয়া দেওয়ার জন্য তাহারা জীবন দেন। যাহারা প্রাণ সমর্পণ করেন তাহারাও হয়তো মনে মনে ভাবেন, দল ক্ষমতায় গেলে কিছু না কিছু পাইবেন তাহারাও। এইভাবেই চলিয়াছে। চলিতেই থাকিবে, যদি গণতন্ত্র বৃক্ষটিকে বাড়িতে দেওয়া না হয়। ছাঁটিয়া-ছুটিয়া বনসাই করিয়া রাখিলে উহা ছায়া দিবে কী প্রকারে?