সুইডেনের দাঙ্গা ও অভিবাসীদের ভবিষ্যত্
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০৬
যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচের রাস্তায় অভিবাসী ও মুসলিম দুই ব্যক্তির হামলায় একজন সেনাসদস্য নিহত হওয়ার পর অভিবাসীদের নিয়া বিতর্ক শুরু হয়। ইহার জের শেষ না হইতেই শান্তির দেশ হিসাবে পরিচিত সুইডেনের রাজধানী স্টকহোমের অভিবাসী-অধ্যুষিত উপশহরগুলিতে দাঙ্গা শুরু হইয়াছে। গত রবিবার হইতে একটানা পাঁচ রাত্রি ধরিয়া সেইসব এলাকায় এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অগ্নিসংযোগ করা হয় বেশকিছু গাড়ি, দুইটি স্কুল ও একটি পুলিশ স্টেশনে। ঘটনার বিবরণে জানা যায়, হাসবি উপশহরে গত সপ্তাহে ৬৯ বত্সরের এক পর্তুগিজ অভিবাসী পুলিশের গুলিতে মারা যায়। ইহাকে কেন্দ্র করিয়াই শুরু হইয়া যায় গোলযোগ এবং অন্যান্য দেশের অভিবাসীরাও তাহাতে অংশ নেয়। পুলিশের দাবি লোকটির হাতে অস্ত্র ছিল। তাহাকে নিরস্ত্র করার চেষ্টা ব্যর্থ হইলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালাইতে বাধ্য হয়। কিন্তু এই যুক্তি অভিবাসী যুবকরা শুনিতে ও মানিতে নারাজ। পুঞ্জীভূত ক্ষোভের কারণে তাহারা বিক্ষুব্ধ হইয়া ওঠে।
শান্তিপ্রিয়, সহনশীল, সাম্যবাদী ও আদর্শ জনকল্যাণমূলক দেশ হিসাবে সুইডেনের বিশ্ব জুড়িয়া খ্যাতি থাকিলেও যেখানে দাঙ্গার ঘটনা ইহাই প্রথম নহে। সেখানে ২০০৮ ও ২০১০ সালে স্বল্পপরিসরে দাঙ্গার ঘটনা ঘটে। ইহার জন্যও অভিবাসীদেরই দায়ী করা হয়। দেশটিতে অভিবাসীরা মোট জনসংখ্যার ১৫ ভাগ। ২০১১ সালে মূল ধারার নাগরিক ও অভিবাসী দ্বন্দ্বে লন্ডনে ভয়াবহ দাঙ্গা ও লুটপাট সংঘটিত হয়, যাহাতে বিশ্ববাসী হতবাক হইয়া যান। জার্মানিতেও ঐ দুই শ্রেণীর নাগরিকদের মধ্যে বিরোধ বাড়িতেছে। তবে এই প্রবণতা ২০০৯ সালের বিশ্বমন্দার আগে ছিল না। গণতন্ত্রের সৌন্দর্যস্বরূপ বহুত্ববাদ ভালভাবেই কাজ করিতেছিল। কিন্তু ইউরোপের অর্থনৈতিক অস্থিরতার পর পট পরিবর্তন হইয়া যাইতেছে। যদিও বিশ্বমন্দার উত্পত্তি হয় আমেরিকায়, তবে সেখানে অভিবাসী নিয়া যত্সামান্য বিতর্ক থাকিলেও বড় ধরনের দ্বন্দ্ব ও সংঘাত নাই। কেনিয়া বংশোদ্ভূত পিতার সুযোগ্য সন্তান বারাক ওবামা পর পর দুইবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হইতে অসুবিধা হয় নাই। ওবামা সম্প্রতি এক কোটিরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দান করিয়াছেন। কিন্তু ইউরোপে কয়েক প্রজন্ম ধরিয়া বসবাস করিলেও অনেক ক্ষেত্রেই অভিবাসীরা মূল জনগোষ্ঠী হইতে বিচ্ছিন্ন। ইউরোপে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার পর স্বাভাবিকভাবে তাহাদের মধ্যে বৈষম্য বাড়িয়াছে।
অর্থনৈতিক মন্দায় ইউরোপের দেশগুলিতে বেকারত্ব বাড়িয়া গিয়াছে। গ্রিস, ইতালিসহ কয়েক দেশে চরম সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়াছে। এমনকি সেই সূত্রে একাধিক দেশে সরকারেরও পরিবর্তন হইয়াছে। স্থানীয় নাগরিকরা এই বলিয়া অভিযোগ করিতেছেন যে, তাহারা নিজেরাই যেখানে চাকরি-বাকরি পাইতেছেন না, সেখানে অন্যরা তথা অভিবাসীরা কেন পাইবে? এইভাবে নাগরিকত্ব লাভ করিলেও বৈষম্য জায়গা করিয়া নিতেছে এবং অভিবাসীদের ব্যাপারে আগের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হইতেছে। পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধিতে সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য এবং শীতপ্রধান অঞ্চলে স্বল্প জন্মহারের কারণে সেখানে অতিরিক্ত জনবলের দরকার হয়। কিন্তু অর্থনৈতিক দুর্দশা দেখা দেওয়ার পর এই নীতি এখন অনেকটাই অকার্যকর।
সুইডেনের নূতন দাঙ্গায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হইলেও ইহা হইতে বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলিকে শিক্ষা গ্রহণ করিতে হইবে। অর্থনৈতিক দুর্দশা ও বিপদের সময় অনেক ক্ষেত্রে আপনও পর হইয়া যায়। সুতরাং অভিবাসী, অন্যকথায় পরবাসীদের এ ব্যাপারে সচেতন হইতে হইবে। আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইউরোপের দেশগুলিতে নূতন করিয়া অভিবাসন ঝুঁকিপূর্ণ। আর যাহারা এখনও সেখানে আছেন তাহাদের সতর্ক হইয়া চলাই বাঞ্ছনীয়।