[ বা জে ট ]
আসন্ন বাজেট ২০১৩-১৪ প্রত্যাশা ও বাস্তবতা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:০৭
জাতীয় বাজেট ২০১৩-১৪ অর্থবছর অল্প কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদে পেশ করা হবে। এই বাজেটের আকার হওয়ার সম্ভাবনা হচ্ছে ২.২৩ ট্রিলিয়ন টাকা। বাজেটটি ঘাটতি বাজেট হওয়ার কথা এবং এতে প্রায় ৬১০ বিলিয়ন টাকা ঘাটতি থাকবে। এই বিশাল অংকের ঘাটতি মোট দেশজ উত্পাদনের ৫%। যে বাজেটটি ঘোষণা করা হবে তাতে ঘাটতি মেটানোর জন্যে ২৫৭ বিলিয়ন টাকা আর্থিক প্রতিষ্ঠান থেকে এবং ২১৩.৫৮ বিলিয়ন টাকা বৈদেশিক অনুদান থেকে আসবে। নির্বাচনী বছর হিসাবে বাজেটে সরকারের বেশকিছু উন্নয়নমালার ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্ব আরোপ করা হবে। অবশ্য রাজস্ব বাজেটের বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার জুলাই থেকে নির্বাচনের আগ পর্যন্ত সময় পাবে। বাজেটকে ঘিরে যে প্রত্যাশাটি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তা হচ্ছে তার সঠিক বাস্তবায়ন। এ জন্যে অর্থমন্ত্রীর পাশাপাশি অর্থ উপদেষ্টা ড. মশিয়ূর রহমানের উপর অধিক দায়িত্ব দেয়া উচিত। একজন দক্ষ প্রাক্তন আমলা এবং অর্থনীতি চর্চায় ড. মশিয়ূর রহমানের যে ব্যাপ্তি রয়েছে তার সঠিক বাস্তবায়ন করার সুযোগ দেয়া বাঞ্ছনীয় হয়ে পড়েছে। সার্বিকভাবে বাজেটে উল্লেখিত নীতিমালার বাস্তবায়ন ঘটলে আখেরে বর্তমান সরকারেরই সাফল্য আসবে। স্বাধীনতা উত্তরকাল থেকে বাস্তবায়নে সক্ষমতা অর্জনেই সমস্যা হলেও বর্তমান সরকারের আমলে কিছুটা হলেও সক্ষমতা বেড়েছে।
চলতি অর্থবছর অর্থাত্ ২০১২-১৩ সালে প্রত্যাশা ছিল বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধির হার হবে ৭.২%। কিন্তু বিভিন্ন প্রতিকূল কারণে এবার এই প্রবৃদ্ধি ৬.২ থেকে ৬.৫% এর মধ্যে হবে বলে আশা করা যায়। এতকিছুর পরও মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধির হারকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এবং দেশের সাংঘর্ষিক পরিস্থিতিতে বেশ সন্তোষজনক বলে অভিহিত করা যায়। সামষ্টিক অর্থনীতির চলকসমূহ যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে জন্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তারপরও রাজনৈতিক সহিংসতা, কথায় কথায় হরতাল, নারীর প্রতি অবমাননা, ঘরে নারীকে বন্দী করে রাখার প্রয়াস, জ্বালাও-পোড়াও নীতি, শ্রমজীবী মানুষদের স্বাভাবিক অধিকার হরণ, এসএসসি/এইচএসসি/ ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সময়মত দিতে না পারার বিভিন্ন উদ্যোগ, বন্টন ব্যবস্থায়, সড়ক-রেল ও বন্দর ব্যবস্থাপনায় অচল সৃষ্টির প্রয়াস নি:সন্দেহে চলতি অর্থবছরে একটি নিম্নমুখী আচরণের শিকার করেছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনাকে। তারপরও মোট দেশজ উত্পাদন ৬.২% থেকে ৬.৫% হওয়ার জন্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণকে মূল কারণ হিসাবে বলা চলে। কর্মসংস্থানের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং বিদেশে জনশক্তি রপ্তানির জন্যে যে সমস্ত পদক্ষেপ গত চার বছরে গ্রহণ করা হয়েছিল, তা দেশের ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরো সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে। রাজনৈতিক অর্থনীতির মূল শর্ত হচ্ছে রাজনীতিবিদরা অর্থনীতির জন্যে যে রূপরেখা দিবেন তার সফল বাস্তবায়ন। এমনিতেই নির্বাচনী বছর হওয়ায় ধীরে ধীরে বিভিন্ন স্থানের কর্তাব্যক্তিরা সরকারের নির্দেশ আগের মত মেনে চলছেন না। তারপরও বেসরকারি উদ্যোগ চলতি অর্থবছরের বাজেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সাথে কৃষি খাতে যে পট পরিবর্তন হয়েছে তার সুফল কিছুটা হলেও কৃষিজীবীদের উপর ইতিবাচক প্রভাব রেখেছে। অবশ্য সাম্প্রতিক মহাসেনের কারণে বেশকিছু স্থানে শস্যহানি, বসতভিটা ও পশু সম্পদসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকৃতির উপর সাধারণ মানুষের কোন নিয়ন্ত্রণ নেই।
বাংলাদেশ ব্যাংক বেশ দক্ষতার সাথে মুদ্রানীতি পরিচালনা করছে। মূল্যস্ফীতির হারও হ্রাস করে ৮% এর মত হয়েছে। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসাবে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রীন ব্যাংকিং-এর প্রয়াস। আসলে একটি বাজেটের আওতায় যদিও মূলত: রাজস্ব নীতি নিয়ে কাজ করে থাকি, কিন্তু মুদ্রানীতি যদি রাজস্ব নীতির Complementary না হয় তবে কাঙ্খিত ফল লাভ করা যায় না। বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা সত্ত্বেও আমানতের উপর সুদের ঋণের প্রতিদান ও প্রদানকৃত ঋণের উপর সুদ আদায় এ দু’য়ের মধ্যে স্প্রেড ২% বা তার কাছাকাছি রাখার কথা। কিন্তু অধিকাংশ বেসরকারি ব্যাংক সুযোগ পেলেই নির্দেশনা শুনছে না। এ ব্যাপারে মহাব্যবস্থাপক পর্যায়ের কোন কোন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বাণিজ্যিক ব্যাংকের পক্ষে কাজ করেন। এদের কারণেই কিন্তু হলমার্কের মত কেলেঙ্কারির দায়ভার সরকারের উপর পড়ে, যদিও সরকার বা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ের নির্বাহীরা কোন মতেই যুক্ত নন। ব্যাংকিং সেক্টরে যদি উচ্চ স্প্রেড বহাল থাকে তবে কেবল রাজস্ব নীতি দ্বারা দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। বরং দেশি উদ্যোক্তারা, ব্যবসায়ীরা যখন দেখেন তাদের বিনিয়োগকৃত অর্থের উপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ঋণাত্মক হচ্ছে তখন তারা বিনিয়োগে সাহস হারিয়ে ফেলেন। আসলে এদেশে কখনোই অধস্তনরা যখন ঊর্ধ্বতনদের দিকনির্দেশনা অমান্য করে থাকে, তখন দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় এমনটি হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোতে যারা উচ্চ স্প্রেড নিচ্ছে তাদের ঐ শাখার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তদন্তসাপেক্ষে লাইসেন্স কেটে দেয়ার ব্যবস্থা করা উচিত। এদিকে বাংলাদেশে যে সমস্ত ইসলামিক ব্যাংক রয়েছে তারা কিন্তু কাতার, কুয়েতের মত শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং করে না। তাদের উপর যে এসএলআর না দেয়ার বিধান আছে তা প্রত্যাহার করা উচিত।
আসন্ন ২০১৩-২০১৪ এর বাজেটে সরকার কৃষি খাতের ভর্তুকি বৃদ্ধি করে মোট নয় হাজার কোটি টাকার সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি ভাল উদ্যোগ। চলতি অর্থবছরেই দেখা গেছে যে, কৃষি খাতের ভর্তুকি এবং ব্যবস্থাপনার গুণগত মান উন্নত হওয়ায় কৃষিজীবীরা অধিকাংশ ক্ষেত্রে লাভবান হয়েছে। অবশ্য পচনশীল কৃষিজাত দ্রব্য উত্পাদন করে হরতালের কারণে কোন কোন খাতে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে অতিরিক্ত ভর্তুকির টাকা ধানের পাশে বিদ্যমান ভর্তুকি বহাল রেখে পাট, পাটজাত দ্রব্য, ইক্ষু চাষ, চা, পেঁয়াজ, মরিচ, হলুদ, শাক-সবজি চাষসহ অন্যান্য কৃষিপণ্যের উপর প্রান্তিক চাষীদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। কৃষিজাত পণ্যের ক্ষেত্রে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সরেজমিন তদন্ত সাপেক্ষে যেগুলো আমদানি হয় তার বিকল্প পণ্য দেশে উত্পাদনের ব্যবস্থা করতে হবে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের যে সমস্ত স্থানে তামাক উত্পাদন বেড়ে গেছে সেখানে কৃষি অধিদপ্তরকে শক্তিশালী করে কৃষিজাত পণ্য উত্পাদনে সরকারের উদ্যোগ নেয়া দরকার। আম, তাল, জাম, লিচু, কাঁঠাল, খেজুর, স্ট্রবেরী, আঙ্গুরসহ মৌসুমী ফলের উত্পাদন বাড়ানো এবং বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করা দরকার।
সঞ্চয়পত্রের বিক্রির উপর যে ধস নেমেছে গত কয়েক বছর আগে, তা বর্তমানে দূর করার ক্ষেত্রে সরকার চেষ্টা করে যাচ্ছে। তবে এর বিক্রি বাড়াতে হলে সঞ্চয়পত্রে উত্স কর রাখার বিধান আগামী অর্থ বছরে প্রত্যাহার করা হলে ভাল হয়। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হার বিভিন্ন তফসিলী ব্যাংকের এফডিআর-এর সাথে প্রতিযোগিতামূলক পর্যায়ে ছেড়ে দিলে ভাল হয়।
চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে সক্ষমতা পরিপূর্ণভাবে সম্ভব হয়নি। অবশ্য সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ অন্তর্ঘাতমূলক বিনিয়োগ পরিস্থিতি এক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে। আগামী অর্থ বছরে নতুন করে করারোপ না করে বরং বাস্তবসম্মতভাবে কর আদায়ের প্রয়াস নিতে হবে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপর যে ভ্যাট ও কর আদায়ের প্রয়াস রয়েছে তা জনগণের বৃহত্তর স্বার্থে বন্ধ করা দরকার। যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় অতিরিক্ত ও উচ্চ টিউশন ফিস আদায় করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। কিন্তু যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সন্তান-সন্ততিদের পড়ায় স্বল্প টিউশনিতে তাদের ক্ষেত্রে ভ্যাট ও করারোপ রহিতকরণের ব্যবস্থা করতে হবে।
পোল্ট্রি শিল্পের বিকাশ ও অস্তিত্ব টিকিয়ে রাখার বৃহত্তর স্বার্থে ভর্তুকি দিতে হবে। একই সাথে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যন্ত্রপাতির উপর কর না থাকাই বাঞ্ছনীয়। গবাদিপশু পালন ও মত্স্য চাষের ক্ষেত্রেও সরাসরি খামারীদের সহায়তা প্রদানের উদ্যোগ নেয়া দরকার।
ব্র্যাক থ্রো থিংকিং কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা যায় যে, বাংলাদেশে সিগারেট অত্যন্ত সস্তা ও সহজলভ্য বিধায় সিগারেটের জনপ্রিয়তা এখন ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যেও বাড়ছে। অন্যদিকে বিভিন্ন ধরনের মাদকাসক্তিও বাড়ছে। এই অবস্থায় সিগারেট ক্রেতা ও বিক্রেতার উপর করের হার বাড়িয়ে দেয়া দরকার। মাদকাসক্তি রোধকল্পে বাজেটে বিশেষ কর বর্ধিতভাবে বসানো এবং ফাইনের ব্যবস্থা থাকা দরকার।
১১০০ সিসি পর্যন্ত গাড়ীর উপর কর কম রেখে ১১০১ সিসি থেকে আরম্ভ করে গাড়ীর উপর করের হার দ্বিগুণের বেশি করা দরকার। প্রতিদিন যে তারে হোন্ডায় মৃত্যু হচ্ছে তা দুঃখজনক। এজন্য হোন্ডা চালকেরা ড্রাইভিং আইন মেনে না চললে ফাইনের ব্যবস্থা ও প্রয়োজনে জেলে যাওয়ার ব্যবস্থা থাকা দরকার। দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য গাড়ীর ড্রাইভাররা ৫০%-এর অধিক দায়ী। এ জন্য বাস-ট্রাক-মিনিবাস ও পার্সোনাল কার যারা চালায় তাদের শাস্তির মেয়াদ ও কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি করা দরকার।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সার্ভিস সেক্টরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এজন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ব্যবস্থা থাকা দরকার। বিদেশে যে সমস্ত শ্রমিক পাঠানো হবে নারী হোক, পুরুষ হোক সে দেশের চাল-চলন, ভাষা ও আইনগত সাহায্য কিভাবে পাওয়া যায় সেজন্য ট্রেনিং সেন্টারগুলোকে ঢেলে সাজানোর জন্য বাজেটে বরাদ্দ থাকা দরকার।
দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বজায় রাখার জন্য টিকফা চুক্তিটি সম্পাদিত হওয়ার সম্ভাবনা আছে। টিকফা চুক্তির অধিকাংশ ধারাতেই কিন্তু রাষ্ট্রের যে সমস্ত স্তরে ঠিকমত কাজ হচ্ছে না সেগুলো যেমন দূর করবে তেমনি পারস্পরিক সহযোগিতার বিষয়টি রয়ে গেছে। টিকফা চুক্তি নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু টিকফার যে সমস্ত ধারা দেশের অনুকূলে সেগুলো অবশ্যই গ্রহণযোগ্য হওয়া উচিত। দেশে দুর্নীতির ধারা কেবল রাষ্ট্রীয় সংস্থা নয়, বেসরকারি সংস্থাতে অধিকহারে বিদ্যমান। এই দুর্নীতি অর্থনীতিতে ডেড ওয়েট লসের সৃষ্টি করছে। দুর্নীতি দূরীকরণ একা সরকারের দায়িত্ব নয়, বরং বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। টিআইবিসহ যে সমস্ত সুশীল সমাজের প্রতিনিধিরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ করে থাকেন, তাদের উচিত সমাধানের পথ খুঁজে বের করা। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বারবার জিএসপি ফ্যাসিলিটিজ বাতিলের কথা বলা হচ্ছে, তাতে দেশে মার্কিন বিরোধী মনোভাব ছড়িয়ে পড়তে পারে অথচ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অপরিসীম।
দেশের পুঁজি বাজার পুনর্গঠন প্রক্রিয়ায় সরকার প্রয়াস নিয়েছেন। তবে এক শ্রেণীর ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অতি মুনাফার আশায় সচেষ্ট থাকেন। পুঁজি বাজারের মাধ্যমে দেশের শিল্প উন্নয়নে কর্মকান্ড পরিচালনা, ভৌত-অবকাঠামো নির্মাণে ব্যবস্থা নিতে হবে। কেবল ডিমিউচুয়্যালাইজেশান করলে হবে না। বরং ডেবট ফাইন্যান্সিং ও ফাইন্যান্সিয়্যাল ডেরিবেটিভসমূহ চালু ও জনপ্রিয় করারও উদ্যোগ নিতে হবে।
রাজস্ব বাজেটের পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিও ঘোষিত হবে। আসন্ন বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ এক-তৃতীয়াংশ গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৪৯% বাস্তবায়িত হয়েছে, যেখানে ২০১১-১২ অর্থবছরে এই সময়ে ৪৫% বাস্তবায়িত হয়েছে। সক্ষমতা বৃদ্ধির একটি লক্ষণ হলেও আগামীতে যাতে আরো সক্ষমতা বৃদ্ধি পায় সেদিকে বিশেষ পরিকল্পনা থাকা দরকার।
বিনিয়োগ পরিবেশ দেশে আরো ভাল হতে পারত যদি দেশে জ্বালাও-পোড়াও নীতি জানুয়ারি থেকে না থাকত। তারপরও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য বাজেটের বাইরেও সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের রেগুলেটারি এনভারনমেন্টকে অবশ্যই স্থিতিশীল করার ব্যবস্থাপনা থাকা দরকার। দেশের সরবরাহ জনিত ব্যবস্থাপনার মান উন্নত করা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। রাজনৈতিক অস্থিরতার কারণে জাপানের ডোকোমো কোম্পানি রবির শেয়ারের ২২% অংশ ছেড়ে দিয়ে ৮% রেখেছে।
দেশের পরিবেশ বাঁচানোর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ থাকা উচিত। নদীর ড্রেজিং-এর পাশাপাশি যারা খাল-বিল-হাওরসহ বিভিন্ন স্থান দখল করছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা ও অর্থদণ্ডের ব্যবস্থা করা দরকার। “বাংলাদেশ পরিবেশ আন্দোলন” কিংবা “পরিবেশ বাঁচাও আন্দোলন” কতিপয় বিপথগামীর জন্য কোন কাজে আসেনি। বাজেটে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা দরকার কিভাবে পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা কাজ করবে।
প্রতি বছর দেশ থেকে প্রচুর অর্থ চিকিত্সাজনিত কারণে বিভিন্ন দেশে মেডিকেল ট্যুরিজমের আওতায় বেরিয়ে যাচ্ছে। এই অব্যবস্থা থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা থাকা দরকার। এজন্য স্বাস্থ্য খাতে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রসমূহ ও হাসপাতালসমূহকে কাজ করার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা ও সহায়তা বাজেটে থাকা দরকার। সরকারের উচিত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য ১০ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করা। বর্তমান সরকারের আমলে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণতি হয়েছে। এই শিক্ষানীতির বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দ থাকা দরকার। কেননা মাদ্রাসায় বর্তমানে যেভাবে শিক্ষা দেয়া হচ্ছে তাতে ঐ সমস্ত ছেলে-মেয়েদের বাংলাদেশের সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। আবার ইংরেজি মিডিয়াম-এর ছেলে-মেয়েরা দেশের কৃষ্টি, সভ্যতা এবং মাতৃভাষাও ভুলে যাচ্ছে। অন্ততঃ ক্লাস সেভেন পর্যন্ত সব ধরনের ছাত্র-ছাত্রীর বেলায় একই ধরনের শিক্ষানীতি চালু করতে হবে। শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু সুন্দর রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।
জাতীয় বাজেট যদিও এক বছরের তথাপি দেশের বৃহত্তর স্বার্থে এর ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। আশা করব ২০১৩-১৪ খৃ:-এর আসন্ন অর্থবছরের বাজেট কল্যাণমুখী হবে এবং তা যথাযথভাবে বাস্তবায়িত হবে। দরিদ্র দেশ হিসাবে জাতীয় বাজেট যদি ব্যালেন্সড বাজেট হয় তবে ভালো হয়। আর যারা বাজেটে কালো টাকা সাদা করার বিপক্ষে বলেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলব- আর তা হচ্ছে এই সাদা করার ব্যবস্থা না থাকলে দেশ থেকে অর্থ পাচার বেড়ে যাবে।
লেখক : উপাচার্য ও ডীন, ব্যবসা বিভাগ, প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় এবং ম্যাক্রো ও ফাইন্যান্সিয়াল ইকেনোমিস্ট।
ই-মেইল: pipulbd@gmail.com