আলোকপাত

সংলাপ আন্তরিক হোক, স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন চাই

দেশবাসী অধীর অপেক্ষায় রয়েছে কখন সংলাপ শুরু হবে। গণতান্ত্রিক দেশে যখন নির্বাচন আসন্ন হয় তখন যদি সর্বজন গৃহীত বিধান ঠিক করা না থাকে তখন সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকারের রূপরেখা আলোচনার মাধ্যমে ঠিক করে নেয়াই সর্বোত্তম পথ। গণতান্ত্রিক দেশে যেখানে জনগণের নির্বাচিত সরকার বহাল থাকে তাকে অপসারণের একমাত্র পথই হল নির্বাচন অর্থাত্ সরকারের মেয়াদ পূর্তির পর জনগণের ভোটে আবার নতুন সরকার নির্বাচিত করা। সংসদীয় গণতান্ত্রিক দেশে একটি নির্বাচিত সরকারকে আরেকটি নির্বাচন ব্যতীত আন্দোলন করে, সহিংসতা করে, জনজোয়ার সৃষ্টি করে সরকার উত্খাতের চেষ্টা করা উচিত নয়, এটা গণতান্ত্রিক আচরণ নয়। বাংলাদেশে বর্তমানে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা হল তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সরকার হবে না অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সরকার হবে। বিষয়টি সংলাপের মাধ্যমে সমাধান করাই শ্রেয়। এ বিষয়টি মীমাংসা হলে আরেকটি বিতর্ক আসবে তা হল কে হবে নির্বাচনকালীন সরকারের প্রধান। এটা কিন্তু আরো বড় সমস্যা। কে নিরপেক্ষ। একজন নেতা অনেক দিন আগে বলেছিলেন পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। যদি তা ধরেও নেই তাহলে একথা সত্য যে, একজন লোকের যে কোন একটি দলের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও তার যদি রাজনৈতিক সততা থাকে তবে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় বিচারপতি শাহাবুদ্দীন, বিচারপতি হাবিবুর রহমান। এদের মত রাজনৈতিক সত্ ব্যক্তি এদেশে আরো অনেকে আছেন, তাদের যে কোন একজনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। সংলাপ যদি আন্তরিকতার সহিত হয় তাহলে খুব তাড়াতাড়িই নির্বাচন করা সম্ভব, নির্বাচনকালীন সরকার কোন পদ্ধতিতে হবে এবং কে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। বর্তমান সরকার ও বিরোধী দলীয় জোট প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা একটি আন্তরিক গঠনমূলক সংলাপের সূচনা করে দেশবাসীকে আতঙ্কমুক্ত করুন। আমরা খুবই আতঙ্কে আছি। আমরা একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আর সংঘাত চাই না। জনগণ কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করছে কারা শান্তির পথে না গিয়ে অশান্তির পথে এগুচ্ছেন। এর প্রভাব কিন্তু আগামী নির্বাচনে প্রতিফলিত হবে। হিংসাত্মক লোক ও অসহযোগী লোককে জনগণ আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। জনগণের অনুরোধ সংলাপের আগে আপনারা কোন পূর্বশর্ত রাখবেন না। অর্থাত্ সালিশ মানি কিন্তু তালগাছটা আমার এরকম মনোভাব অনুগ্রহপূর্বক পরিহার করুন। আরেকটা ব্যাপার আলোচনা না করলেই নয়। সেটি হল পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক দেশে নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সরকারে যারা থাকে তাদের ঐ নির্বাচনে কিছুই করার থাকে না। আমরা যদি ভারত, গ্রেট বৃটেন ও অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ঐ সমস্ত দেশে যখনই নির্বাচন চলে আসে তখন নির্বাচন কমিশনই ঐ নির্বাচন করে থাকেন, কোন সমস্যার সৃষ্টি হয় না। নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি এমন কোন অভিযোগ ওঠে না। তাহলে আমাদের দেশে নির্বাচনে এত সমস্যা কেন? আমাদের নির্বাচন কমিশনকে কি ভারতের নির্বাচন কমিশনের মত স্বাধীন করা যায় না ? আমাদের দেশে প্রতি পাঁচ বছর পর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও সহিংস কার্যকলাপ চলে আসে। আমাদের দেশে স্থায়ী ব্যবস্থা সৃষ্টি করতে অর্থাত্ স্বাধীন নির্বাচন গঠন করতে সমস্যা কোথায়? সংসদই তো এর ব্যবস্থা করতে পারে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী করা ক্ষমতাসীন দলের দায়িত্ব। নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আইনের মাধ্যমে এমন শক্তিশালী ও স্বাধীন করতে হবে যাতে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যেতে কোন দলই ভয় না পায়। অর্থাত্ নির্বাচনের এখতিয়ার একচেটিয়া নির্বাচন কমিশনের থাকবে, সরকারের যেখানে প্রভাব বিস্তারের কোন পথই থাকবে না। সংসদের বাজেট অধিবেশন আসন্ন। এ অধিবেশনে বিরোধী দলও অংশগ্রহণ করবে। এই সংসদেই নতুন বিল এনে সব দলের সমর্থনে নির্বাচন কমিশনকে স্বাধীন, শক্তিশালী ও সরকারের আওতামুক্ত করার উদ্যোগ নেয়ার জন্য আমি সংসদ নেতা, সংসদে বিরোধী দলীয় নেতা, সমস্ত সংসদ সদস্যের প্রতি আহ্বান জানাচ্ছি। যাতে নির্বাচনকালীন সময়ে সরকার পরিবর্তনের প্রয়োজন না হয় এবং এটাই হোক স্থায়ী ব্যবস্থা। তাহলে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মত আমাদেরকে আর কেউ প্রশ্ন করতে পারবে না- “কেন আপনাদের দেশে নির্বাচন কমিশন নাই?’’ লেখক :সাবেক ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা