দক্ষিণ বনশ্রীর রাস্তাঘাট :বাসিন্দাদের চরম দুর্ভোগ

দক্ষিণ বনশ্রী এলাকাটি ঢাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের আওতাভুক্ত না মু্ক্ত এ নিয়ে অনেক দেন-দরবার করে একটা মধ্যস্থতায় পৌঁছালেও রাস্তাঘাটের কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি। যার ফলে এখানকার বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। রামপুরা ব্রিজ থেকে মাদারটেক পর্যন্ত প্রধান রাস্তাটি এক বছর আগে সংস্কার শুরু করলেও শেষ করার কোনো উদ্যোগ চোখে পড়ছে না। প্রত্যেকটি ব্লকের ভেতরের রাস্তার বেহাল দশা। ওয়াসা ডেসা ডেসকো পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে সব সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের সেবা দেয়ার নাম করে রাস্তা কাটাকাটির কাজ করার জন্য বৃষ্টি আর বর্ষা মৌসুমটিকে বেছে নেয়। এখন দক্ষিণ বনশ্রীর প্রতিটি রাস্তার একই দৃশ্য। এক পাশে গর্ত অন্য পাশে মোটা মোটা পাইপ রাখা, চলাচলের কোনো জায়গা নেই। বৃষ্টি হলেই রাস্তায় পানি, এই অবস্থাই চলছে বছরের পর বছর। ঢাকার অন্যান্য এলাকা থেকে এখানে কোনো ভাড়া চালিত যানবাহন আসতে চায় না, আর এলেও যাত্রীকে দ্বিগুণ ভাড়া গুণতে হয়। প্রতিদিন সকালে অফিসগামী মানুষ আর স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যানবাহনের অভাবে দুর্ভোগে পড়তে হয়। এই অব্যবস্থাপনা থেকে পরিত্রাণ পেতে এখানকার বাসিন্দাদের আর কতদিন অপেক্ষা করতে হবে। সফিকুল ইসলাম সুমন, দক্ষিণ বনশ্রী, ঢাকা