[ নি র্বা চ ন ]

নির্বাচন অনিশ্চয়তা ও জনমনে শঙ্কা

“সর্বপ্রথম ধূমকেতু (১৯২২) ভারতের পূর্ণ স্বাধীনতা চায় (১৩ অক্টোবর, ১৯২২)। স্বরাজ টরাজ বুঝি না; কেননা ও কথাটার মানে একেক মহারথি একেকরকম করে থাকেন। ভারতবর্ষের এক পরমাণু অংশও বিদেশিদের অধীনে থাকবে না। ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার, সব থাকবে ভারতীয়দের হাতে। তাতে কোন বিদেশির মোড়লী-অধিকারটুকু পর্যন্ত থাকবে না।” কথাগুলো কাজী নজরুল ইসলামের। জাতীয় কবি। বিদ্রোহী যার পরিচয়। তখনকার ভারতের স্বাধীনতা তিনি এমনভাবে পেতে চান—যে স্বাধীনতায় কোনো বিদেশির মোড়লীপনাও তিনি সহ্য করতে চাননি। ভারত আজ স্বাধীন হয়েছে। তিনটি স্বাধীন রাষ্ট্র। এখানে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র। তাতে কি? বাংলাদেশ, পাকিস্তান এমনকি ভারতের উপর কোনো কোনো বিদেশির মোড়লীপনা অব্যাহত আছে। জাতীয় কবির ভারত স্বাধীন হয়েছে বিদেশিদের প্রত্যক্ষ শাসন থেকে; মোড়লীপনা থেকে নয়। গত ২৫/০৫/২০১৩ তারিখ কোনো কোনো পত্রিকায় সংবাদ বেরিয়েছে বাংলাদেশে প্রভাবশালী ১৪ কূটনীতিক ‘ফ্রেন্ডস গ্রুপ’ নামে একটি গ্রুপ তৈরি করেছেন। নিশ্চয়ই আগামী দিনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আকাশে যে মেঘ জমেছে তাকে দূর করতেই হয়তো এ গ্রুপের আত্মপ্রকাশ। ২০০৫ সালে ‘টুয়েসডে গ্রুপ’ হয়েছিল; ২০০৭-এ ‘কফি গ্রুপ’। এ সবই আমাদের জানা। অনেকে হয়তো এসব গ্রুপকে কবির ‘মোড়লীপনা’-র চোখে দেখবেন। না দেখে উপায়ও নেই। কিন্তু ভুলে গেলে চলবে না। নাটকের মঞ্চ কিন্তু আমরাই তৈরি করি; বাইরের ব্যক্তি সেখানে শুধু মোড়লীপনার অভিনয় করেন। তাই দোষ দিয়ে লাভ নেই। দুর্বল ও জনবিচ্ছিন্ন শাসক হলে মীর জাফর তৈরি হবে। তখন লর্ড ক্লাইভের আগমন অবশ্যম্ভাবী। ‘ঘরে আজ তার লেগেছ আগুন / ভাগাড়ে তাহার পড়েছে শকুন।’ কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিরোনাম করার ইচ্ছা ছিল ‘রাজনীতির আকাশে শাওন রাত: নয়নে বারি ঝরে।’ শ্রাবণের দিনগুলোতে আকাশের কালো মেঘ সরতেই চায় না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, এমনকি রাত অবধি ঝর ঝর বৃষ্টি। প্রকৃতিপ্রেমিরা টিনের চালাঘরে রিম-ঝিম, রিম-ঝিম শব্দ শুনে প্রেমে আত্মহারা হন। কর্মহীন মানুষটি হয়তো কাঁথা গায়ে জড়িয়ে দীর্ঘ দিবানিদ্রায় যান। কিন্তু যাকে প্রকৃতিপ্রেমের উপর পরিবার প্রেম করতে হয় তাকে হয়তো ঈশান কোণের মেঘ দেখেও বৃষ্টি ভিজে, কর্দমাক্ত শরীরে কর্মক্ষেত্রে হাজির হতে হবে; রিম-ঝিম শব্দের প্রেমে আত্মভোলা হওয়ার ফুরসত কই তার? প্রকৃতির যত বাধা-বিপত্তি সবই তাকে জয় করতে হবে তার অস্তিত্ব ও ভবিষ্যতের জন্য। বাংলাদেশের রাজনীতির আকাশে অসময়ে শাওন রাত। জমে থাকা কালো মেঘ আরো ভারি হচ্ছে। অনেকেই দীর্ঘ নিদ্রা দিয়েছে। কেউ কেউ রাজপথের বিশৃঙ্খলার মধ্যে রিম-ঝিম শব্দ শুনছে। কিন্তু যারা অস্তিত্ব ও ভবিষ্যতের জন্য প্রতিদিন লড়াই করে তারাই জানে রাজনীতির আকাশে কালো মেঘ তাদের জীবনকে কতটা বিষিয়ে তুলেছে। চারদিকে সংলাপের আহবান, সংযমের আহবান। কেউ শোনে না। সবাই যেন দীর্ঘ নিদ্রায়। সরকারের ভাব-ভঙ্গিতে মনে হচ্ছে কোথাও যেন কিছু হয়নি। সবকিছু ঠিক আছে। অন্যদিকে বিরোধী দলের অপরিকল্পিত হুংকার জনগণকে হতাশ করছে। ‘এই বেলা সবে ঘর ছেয়ে নেয়, তোরাই বসে কি র’বি কেবল?/আসে ঘনঘটা ঝড় বাদল।’ ফ্রান্সিস ফুকুয়ামা। হান্টিংটনকে নিজের গুরু মনে করেন। তাদের নাম প্রায়ই উচ্চারণ করি এজন্য যে, রাজনীতি বা রাজনীতির কর্মকাণ্ডের মিথস্ক্রিয়ার প্রায়োগিক বিশ্লেষণ অসম্ভব তাদের প্রদর্শিত রাজনীতির ব্যাকরণ ছাড়া। যদিও আমাদের দেশের লোকজন ভাষার বিশ্লেষণে ব্যাকরণ অনুসরণ করেন, পদার্থ বিদ্যা বা রসায়নের সূত্র বা পদ্ধতি অনুসরণ করেন; কিন্তু রাজনীতি তাদের অতি চেনা যার বিশ্লেষণে তাদের মনের মাধুরীই যথেষ্ট। যাক সে সব কথা। ফুকুয়ামার সর্ব শেষ বইটি (সাড়া জাগানো, আমরা না জানলেও) কানাডা থেকে এনে দিয়েছেন এক বড় ভাই। ‘দি অরিজিনস অব পলিটিক্যাল অর্ডার’ শিরোনামের বইটি পড়ছিলাম। লেখক ছোট্ট একটি আলোচনার শিরোনাম করেছেন ‘পলিটিক্যাল ডিকে’ তথা রাজনৈতিক মৃত্যু নামে। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা কাঠামো দাঁড় করাতে না পারা বা পরিবর্তিত পরিস্থিতির সাথে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো খাপ খাওয়াতে না পারার অবস্থাই রাজনৈতিক মৃত্যু। গণতান্ত্রিক রাজনীতির আবশ্যকীয় প্রতিষ্ঠান নির্বাচন কমিশন বাংলাদেশে অত্যন্ত দুর্বল সেটি সবারই জানা। গত চল্লিশ বছর সবাই চেষ্টা করেছি আরো কত বেশি দুর্বল করা যায় প্রতিষ্ঠানটিকে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ-খাওয়ানোর কোনো উদ্যোগই আমরা গ্রহণ করিনি। অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকার নামে যে ব্যবস্থাটি গত বিশ বছর যাবত্ নির্বাচন কমিশনকে কিছুটা ঠেস দিয়ে রেখেছিল তাকে উত্খাত করেছি। তাই সামনে মহাসেন। মানুষ আতঙ্কিত। বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে কেন্দ্র করে চারটি ভিন্ন ভিন্ন মঞ্চ নাটকের দৃশ্য কল্পনা করা যেতে পারে যার প্রত্যেকটিতেই কম-বেশি মহাসেনের তাণ্ডবের ঝুঁকি রয়েছে। নাটক ১ নির্বাচন ২০১৪: পরিচালনায় বর্তমান আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ বিজয়ী হতে পারে। বিরোধী দলগুলোর পক্ষে রাজনৈতিক কর্মসূচি পালন করা আরো কঠিন হয়ে পড়বে। রাজনীতিবিদগণই বিরোধী মতকে দমন করতে বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু করতে পারে। তখন রাষ্ট্র আরো বেশি এক ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই অবস্থায় রাজনীতির মাঠ উত্তপ্ত রাখার মতো মানসিকতা খালেদা জিয়ার থাকবে না। বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল বেড়ে যাবে এবং দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিএনপি’র কোনো কোনো কর্মীর নিকট তারেক জিয়ার প্রয়োজন মনে হতে পারে। জনগণের মতো সুশীল সমাজ আরো বেশি আতঙ্কিত হয়ে পড়বে। তবে সরকারের দৃঢ়তার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক সংকটে পড়বে না। মনে রাখতে হবে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী ব্যক্তির সাথে কেউই স্বাভাবিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগ জনগণের তীব্র অসন্তোষের মধ্যে পড়বে। নাটক ২ নির্বাচন ২০১৪:পরিচালনায় বিএনপি’র প্রার্থিত তত্ত্বাবধায়ক সরকার। এক্ষেত্রে আওয়ামী লীগ হেরে যেতে পারে এবং বিএনপি বিজয়ী হতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে সরকারে থাকা দলের উপর প্রত্যাশা বেশি থাকে। অন্তত সে কারণে জনগণ হতাশ হয়ে অতি সম্প্রতি রাষ্ট্র পরিচালনাকারী দলকে প্রত্যাখ্যান করে থাকে। এই অবস্থায় ১৮ দলীয় জোট নতুন সরকার গঠন করবে। কিছুদিনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও ১৪ দলীয় জোটের উপর ১৮ দলীয় জোটের প্রতিশোধ গ্রহণকে কেন্দ্র করে রাষ্ট্রযন্ত্র অগণতান্ত্রিক চরিত্র লাভ করতে পারে। সরকারের বিভাগগুলোর আচরণ বর্তমান আওয়ামী লীগ আমলের মতো বা তার চেয়ে বেশি স্বৈরাচারী রূপ লাভ করতে পারে। কিন্তু এর বিপরীত চিত্র কল্পনা করার মতো উপাদান ১৮ দলীয় জোটের কর্মকাণ্ড ও তার সাংগঠনিক কাঠামোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। নাটক ৩ নির্বাচন ২০১৪: পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপি’র সমঝোতার সরকার। এই অবস্থায় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের সাথে সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতাদের আচরণ বিএনপি’র নিকট পক্ষপাতিত্বমূলক মনে হতে পারে (যেহেতু আওয়ামী লীগ সর্বশেষ সরকার গঠনকারী দল সেহেতু সমঝোতার অন্তর্বর্তী সরকারে বা স্থায়ী আমলাতন্ত্রে আওয়ামী লীগের প্রভাবই শক্তিশালী হবে)। এ অবস্থায় বিএনপি’র নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার ত্যাগ করতে পারেন এবং নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে। নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। জনগণ ও সুশীল সমাজ নাটক-১ এর মতোই আতঙ্কিত থাকবে। মনে রাখতে হবে যে, বিএনপি’র মতো সাংগঠনিকভাবে দুর্বল একটি দল যদি ১৫ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠান করতে পারে— আওয়ামী লীগ কেন পারবে না। তবে গ্রহণযোগ্যতার প্রশ্ন থেকে যেতে পারে। নাটক-৪ নির্বাচন হবে না। ১৮ দলীয় জোটের তীব্র আন্দোলন-সংগ্রামের প্রেক্ষিতে অথবা সাধারণ নির্বাচন অনুষ্ঠানের যথাযথ প্রেক্ষাপট তৈরি না হওয়ার অজুহাতে সরকারি দল শাসন বিভাগীয় বা বিচার বিভাগীয় নির্দেশনায় নির্বাচন স্থগিত করতে পারে। এটি যে কোনো সরকারের পক্ষেই সম্ভব। এর ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের অসন্তোষ বেড়ে যেতে পারে। কিন্তু ক্ষমতায় তো থাকা গেল। সরকার দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মধ্যে পড়তে পারে। এ সময় জরুরি অবস্থা জারি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। মনে রাখতে হবে সরকার ক্ষমতা না ছাড়তে চাইলে দীর্ঘদিন কোনো আন্দোলনই সরকারকে উত্খাত করতে পারে না। তবে সরকার গঠনকারী দলটি দীর্ঘ মেয়াদে সংকটে পড়ে। এই অবস্থায় কিছু সময়ের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির মৃত্যু হবে। এই নাটকে জনগণ আরো বেশি আতঙ্কিত হবে। চারটি ভিন্ন ভিন্ন নাটকের কোথাও মুক্তি নাই। হয়তো জনগণের ভোগান্তির পরিমাণ কম-বেশি হবে। এর প্রধান কারণ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সুসংগঠিত কাঠামোর অভাব। এটাই একটি রাজনৈতিক ব্যবস্থার মৃত্যু। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই কিন্তু প্রতিষ্ঠান বা কাঠামো তৈরি করতে চাই না। অনেক সময় দুর্বল করি বা উত্খাত করি। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সঠিক নেতৃত্ব প্রয়োজন। নজরুল ‘বাংলাদেশ’ নামক গানে পরাধীন বাংলাদেশের চিত্র তুলে ধরে একজন চাঁদ কেদার বা বীর প্রতাপের আকাঙ্ক্ষা করেছেন। বাংলায় আঁধার রাত অবসানের জন্য হেমপ্রভা কবিতায় তিনি হেমপ্রভা বা চাঁদ সুলতানায় আবির্ভাব কামনা করেছেন। যদিও ঐ পদ্মায়, যমুনায় ডুবিয়াছে বাংলাদেশের দিবাকর, কবির ভাষায় আমরা আশা করি ‘উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পুনর্বার’। আমরা চাঁদ সুলতানাদের প্রত্যাশায় রইলাম যাদের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে। উপরের নাটকের সকল দৃশ্যই কল্পনায় রয়ে যাবে; প্রায়োগিক হবে না। এমন রাষ্ট্রের জন্যই তো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। লেখক :শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়