নির্বাচনকালীন সরকারে অনির্বাচিতদের মানা নিয়েই প্রশ্ন

গণতান্ত্রিক আচার-আচরণে রাজনৈতিক দলসমূহের কর্মপরিকল্পনা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতন্ত্রের দেশ ইংল্যান্ড, আমেরিকা, ভারত, এমনকি সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহে বিরোধী দলের রাজনৈতিক অধিকার হরণ করা হয় না। শাসক দলকে ভাবতে হবে রাষ্ট্রের শাসন ব্যবস্থায় ত্রুটি, বিচ্ছিন্নতা, অরাজকতা সর্বোপরি স্বাতন্ত্র্যের কুফল হতে অপর দলসমূহ রাষ্ট্রকে রক্ষা করবে। কেননা সরকারের বিপক্ষে থাকা দলসমূহ বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির গুণাগুণ সম্বন্ধে জনগণকে সচেতন করে। আবার অনেক সময় দলীয় কোন্দল ও দ্বন্দ্ব থাকার কারণে বিরোধী দলসমূহ তাদের ভূমিকায় পৌঁছতে পারে না। পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান, ফিজির মতো রাষ্ট্র কাঠামোতে রাজনৈতিক দলসমূহ একে অপরের রাজনৈতিক মতবাদ ও আর্দশকে নিশ্চিহ্ন করে দিতে সদা প্রস্তুত থাকে। বাংলাদেশে এই কালচার দীর্ঘদিন থেকেই তা জেগে উঠেছে। সরকারি দল বিরোধী দলকে, বিরোধী দল সরকারি দলকে কৌশলে অপদস্থ করবে এমনটি গণতান্ত্রিক আচরণের বাইরে পড়ে না। তাছাড়া গুলি করে মানুষ মেরে রাজপথ হতে বিরোধী কর্মীদের হটাতে হবে এমনটি সাধারণ মানুষ আশা করে না। ১৯৯০ সালের পর দেশে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রচলিত হয়ে আসছে। এরূপ শাসন ব্যবস্থায় আলাপ- আলোচনার মাধ্যমে সত্য ও সঠিক পথ নির্ধারণ করা এবং শাসনতন্ত্রে সংশোধন আনা শ্রেয়। কোন প্রস্তাব যদি সর্বোত্তম হয় এবং দলীয় নীতির বিরুদ্ধে যায় তাহলে গণতন্ত্রের স্বার্থে সরকারকে তা আমলে নিতে হয়। যেমনটি হয়েছিল ১৯৯৬ সালে তত্কালীন সরকারি দলের ক্ষেত্রে। তারা জামায়াতে ইসলামী বাংলাদেশ শাখার তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আংশিক সংশোধন করে রাতের আঁধারে ত্রয়োদশ সংশোধনী বিল আনতে বাধ্য হয়েছিল। আর সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় এসেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এখন তত্ত্বাবধায়ক সরকার কাঠামো রহিত করার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। শুধু জট বেঁধেছে ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।পাকিস্তানের হাইকোর্ট অবশ্য রাজনৈতিক চর্চায় সুগন্ধি খুঁজে পায়। ক্ষমতা আঁকড়াইয়া রাখার জন্য বিচারপতি হতে শুরু করে নিম্নমান কেরানী পর্যন্ত আমেরিকার Spoils System অনুসরণ করা হয় দলীয় সরকারের শাসন পদ্ধতিতে। যদিওবা বাংলাদেশের সংবিধানের ২৯(১)-এ বলা আছে: “প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে”। ক্ষমতায় থাকা দলগুলো নিয়োগ বাণিজ্যের বেড়াজালে পড়ে ইমেজ সংকটে পড়ে মাত্র। সরকার এবং দেশের রাজনৈতিক দলসমূহকে জনমতের সাথে সুসামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্র দেশের ও দশের স্বার্থে হয়, যা ব্যক্তিস্বার্থে নয়। অর্থাত্ সরকার হবে গণতন্ত্রের ও মানবকল্যাণের। যেমনটি বলা আছে ক্যালিফোর্নিয়ার সংবিধানের শেষাংশে “Government of the People, by the People, and for the People, shall not perish from the earth”। বাংলাদেশ সংবিধানে বলা- প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। আমাদের সংবিধানে ১২৩(৩) (ক) অংশে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে বলা আছে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাবার ক্ষেত্রে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই হিসাবে নির্বাচন হবার কথা অক্টোবর ২০১৩ সালে। দশম জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। সরকারের হাতে খুব বেশি সময় নেই। অনেকগুলো কর্মপরিকল্পনা সম্পন্ন করতে হবে তাদেরকে। এগুলোর মধ্যে অনেকগুলো নির্বাচনী ওয়াদাও অপূর্ণ রয়েছে। বিশেষ করে পদ্মা সেতু, বিদ্যুত্, গ্যাস সরবরাহ-সংগ্রহ বাড়ানো ও কৃষকদের উত্পাদনে সহায়তা দেবার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ১৯৯০ সালে শুরু হওয়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান রহিত হওয়াতে সেই অবস্থায় পুনরায় ফিরে যাবার বিধান করা। বিরোধী রাজনৈতিক দল ও ১৮ দলীয় জোটের অন্যতম শরিক দল বিএনপির সঙ্গে সরকারি দলের দূরত্ব বেড়ে যাওয়া। সংলাপের কথা বলে কালক্ষেপণ, অন্য দলের কর্মীদের উপর বেপরোয়া আচরণ গণতন্ত্রের নামে স্বৈরশাসনের রূপ প্রকাশ পায়। সরকার প্রধান এবং তার দলের মুখপাত্র বলে আসছেন “নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত কাউকে তারা মানবেন না”। কারণ তা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর সংবিধানসম্মত হয় না। তারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবেন। ১৯৯৬ সালে তত্কালীন বিরোধী দলের আন্দোলনের মুখে সে সময়কার সরকার এরূপ বক্তব্যই দিয়েছিল। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির একদলীয় নির্বাচন অনুষ্ঠান করতে বাধ্য হয়েছিল তারা। শুধু তাই নয়, রাত জেগে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী এনে দেশকে মহাসংকটের হাত থেকে রক্ষা করতে বাধ্য হয়েছিল সে সময়কার বিএনপি সরকার। এখন শুধু দেখার অপেক্ষা ত্রয়োদশ সংশোধনী সংবিধানে ফিরে আসে কিনা? সরকার বাজেট অধিবেশনে সংশোধনী বিল এনে সংবিধানের ষোড়শ সংশোধনী আনবে এমনটি প্রত্যাশা জনসাধারণের। ষোড়শ সংশোধনীই কেবল মুক্তি দিতে পারে রাজনৈতিক হানাহানি। তাতেই বন্ধ হবে প্রাণ সংহার ও যে কোন ধরনের গণহত্যা। আমরা সংখ্যাগষ্ঠি মানুষের মতামতের প্রতিফলন চাই। কোন একক দলের কর্তৃত্ব ও প্রভুত্ব চাই না। মানুষ চায় সাম্যবাদের মাধ্যমে মানবধর্মের কল্যাণ প্রতিষ্ঠা। নির্বাচনকালীন সময়ে অনির্বাচিত প্রতিনিধিরা জ্বালাতন একবার করেছে বিধায় বারবার করতে পারে এমনটি নাও হতে পারে। অপরপক্ষে নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় যাওয়ার পর নির্যাতন, অত্যাচার, জুলুম, হত্যা, লুটতরাজ, ভৌতকাঠামোতে ধস, অর্থনীতি ধ্বংস সবই করতে পারেন আবার নাও করতে পারেন। লাল-সবুজের শাড়ি জড়ানো বাংলাদেশ আমার মা। আমরা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। একে টিকিয়ে রাখার দায়িত্ব সকল রাজনৈতিক দলের যেমন রয়েছে পাশাপাশি রয়েছে আপামর জনসাধারণের। লেখক : সাবেক ট্রেজারার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়