লিটন-তালা, বুলবুল-আনারস হাবিবুর রহমান-চশমা

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। রাজশাহী নাগরিক কমিটি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন তালা প্রতীক। ২০০৮ সালের রাসিক নির্বাচনেও তিনি তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন আনারস প্রতীক। বিগত নির্বাচনে তিনি বাঘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন; কিন্তু এবার প্রতীকের তালিকায় বাঘ ছিলো না। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চশমা প্রতীক। এছাড়া সাধারণ ওয়ার্ডের ১৫৪ এবং সংরক্ষিত ওয়ার্ডের ৬৬ কাউন্সিলর প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পরই মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুলসহ প্রতিদ্বন্দ্বী সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে মাঠে নেমে পড়েন। মেয়র প্রার্থী লিটন ও বুলবুলের পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন তাদের সমর্থকরাও। মাইকিংয়ের শব্দে দুপুর থেকে সরগরম হয়ে উঠেছে নগরীর অলিগলি। এর আগে বেলা সাড়ে ১১টায় মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর দরগা পাড়ায় হযরত শাহ মখদুম (রহ:)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এসময় তার সঙ্গে ছিলেন ওয়ার্কার্স পার্টির পরিটব্যুরো সদস্য ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান বাদশা, সহ-সভাপতি মোহম্মদ আলী কামাল, জাসদ নেতা প্রদীপ মৃধা, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ। এরপর তিনি নগরীর কাদিরগঞ্জে জাতীয় চারনেতার অন্যতম ও তার পিতা শহীদ এএইচএম কামারুজ্জামান-এর মাজার জিয়ারত করেন। পরে লিটন বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। এরমধ্যে দুপুর ২টা পর্যন্ত ৩০নং ওয়ার্ডের আরবান মেডিক্যাল মোড়, নজিরের মোড়, নতুন বুধপাড়া ও চৌদ্দপাই এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিকাল ৫টা থেকে লিটন ১নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা, কাঠালবাড়িয়া ও রায়পাড়া এবং ৪নং ওয়ার্ডের বুলনপুর ও পুলিশ লাইন মোড় এলাকায় গণসংযোগ ও পথসভা করেন লিটন। অপরদিকে গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর নাগরিক কমিটির প্রার্থী বুলবুলকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে স্থানীয় ১৮ দলীয় জোট। গতকাল দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে সমর্থনের বিষয়টি জানান ১৮ দলীয় জোটের নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনু, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রফেসর নজরুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি আবু মোহাম্মদ সেলিম, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিনু বলেন, নাগরিক কমিটির প্রার্থী বুলবুলের পক্ষে জনগণের রায় হবে আওয়ামী সরকারের বাকশাল কায়েমের চেষ্টার প্রতিবাদ। সরকারের অত্যাচারে অতিষ্ঠ জনগণ এবার বুলবুলকে মেয়র নির্বাচিত করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের পর নগরীর সোনাদীঘি মোড়ে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন বুলবুল। এর আগে তিনি হযরত শাহ্ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বিকালে নগরীর বিভিন্ন এলাকায় নেত-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন বুলবুল। এদিকে মেয়র প্রার্থী বুলবুলের নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সোনাদীঘির মোড়ে স্থাপিত তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে সম্মিলিত নাগরিক ফোরাম। ফোরামের সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সম্পাদক মাইনুল আহসান পান্না বক্তব্য রাখবেন।