হিরন টেলিভিশন, কামাল আনারস, মামুন পেলেন দোয়াত কলম

সিটি নির্বাচনে ৩ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে গতকাল রবিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। রিটার্নিং অফিসার মোঃ মুজিবর রহমান ৩ মেয়র, ১১৫ জন কাউন্সিলর ও ৪৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। মেয়র পদে ১৪ দল মনোনিত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র এ্যাড. শওকত হোসেন হিরন তার আবেদন অনুযায়ী টেলিভিশন প্রতীক পেয়েছেন। গত নির্বাচনে তিনি টেলিভিশন প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল পেয়েছেন আনারস প্রতীক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আগে টেলিভিশন প্রতীক চাইলেও গতকাল তা রদবদল করে দোয়াত কলম প্রতীকের জন্য আবেদন করেন। তাকেও তার ইচ্ছা অনুযায়ী দোয়াত কলম প্রতীক দেয়া হয়েছে। তবে মেয়র প্রার্থীদের মধ্যে শওকত হোসেন হিরন ছাড়া কেউ প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত ছিলেন না। গত নির্বাচনের ন্যায়ে এ নির্বাচনেও মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীক পাওয়ায় মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এ প্রতীক আমার বিজয়ের প্রতীক। এ প্রতীকের মাধ্যমেই আমি জনগণের রায় নিয়েই ২০০৮ সালে মেয়র নির্বাচিত হয়ে সেবকের ভূমিকা পালন করতে পেরেছি। এবারও ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে মানুষের সেবা করার সুযোগ পাবো। পছন্দের প্রতীক পেয়ে হাস্যজ্জ্বল মুখে প্রার্থী হিরন ও তার নির্বাচন পরিচালনার সম্বনয়ক তালুকদার মোহম্মদ ইউনুচ ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দারকে নিয়ে বেড়িয়ে আসলে কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তারা বিজয়ের প্রতীক টেলিভিশন মার্কা নিয়ে শ্লোগান শুরু করেন। সেখান থেকে শওকত হোসেন হিরন নির্বাচনী প্রতীক হাতে নিয়েই প্রচারণায় নেমে পড়েন। পায়ে হেঁটে নগরীর নথুল্লাবাদ থেকে তার নির্বাচনী প্রতীকের প্রচার করতে তিনি নতুন বাজার পর্যন্ত আসেন। বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারি, কলেজিয়েট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে সাক্ষাত্ করে তিনি তার প্রতীকের কথা জানিয়ে দেন। বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল তার প্রতীক আনারস মার্কা পাওয়ার পর বাজার থেকে বিপুল সংখ্যক আনারস ক্রয় করে কর্মী-সমর্থকরা মোটর সাইকেলে শোভাযাত্রা বের করেন। তারা সদর রোডসহ সর্বত্র শ্লোগান দিয়ে কামালের প্রতীক আনারসের কথা জানিয়ে দেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনের দোয়াত কলম প্রতীকে ভোট চাইতে চলছে নগর জুড়ে মাইকিং।