‘কামরান দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন’
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:৪১
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। নগরীর অলি-গলিসহ প্রত্যেক বাসায় গিয়ে ভোট চাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শাহজালালের পবিত্র মাটিতে কোন দুর্নীতিবাজ আর শহীদ মিনার ভাংচুরকারীকে মানুষ নির্বাচিত করবে না। তিনি বলেন, বদরউদ্দিন আহমদ কামরান আওয়ামী লীগের নয়, নগরবাসীর মেয়র হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন। নগরবাসী আবারো ভোট দিয়ে কামরানকে নির্বাচিত করবে। তিনি বলেন, সিলেটসহ দেশের ৪টি সিটি নির্বাচনে শেখ হাসিনার নির্দেশে দলের কেন্দ্রীয় টিম পর্যবেক্ষণ করছে। নির্বাচন নিয়ে দলের নেতা-কর্মীদের সামগ্রিক কার্যক্রমের বিষয়ে তারা সভানেত্রীর কাছে রিপোর্ট করবেন। রবিবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ সভায় এ তথ্য জানান মিসবাহ উদ্দিন সিরাজ। নগরীর ২৭টি ওয়ার্ডে ১২৭টি সেন্টার কমিটি গঠনেরও তাগিদ দেন তিনি।
নগরীর গুলশান সেন্টারে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদউদ্দিন আহমদের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, জেবুন্নেছা হক এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক শফিকুর রহমান চৌধুরী এমপি প্রমুখ।