বরিশালে ঝুঁকিপূর্ণ ৬০ ভোট কেন্দ্র

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনে ৬০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১শ’টি ভোট কেন্দ্রের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) প্রাথমিকভাবে ৬০টি ভোট কেন্দ্রকে ঝুঁঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বিএমপি’র গোয়েন্দা শাখার সদস্যরা মাঠপর্যায়ের পরিদর্শন শেষে ভোট কেন্দ্রগুলোকে চিহ্নিত করেছেন। ঝুঁকিপূর্ণ এসব ভোট কেন্দ্রের তালিকা খুব শীঘ্রই রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট গ্রহণের জন্য বিএমপি’র আওতাধীন কোতোয়ালী, কাউনিয়া ও বিমানবন্দর থানার ৩০টি ওয়ার্ডের ১শ’টি ভোট কেন্দ্রের মধ্যে কোতোয়ালী মডেল থানায় ৫৭টি কেন্দ্রের ৩৪টি ঝুঁকিপূর্ণ, কাউনিয়া থানায় ৩০টির মধ্যে ২০টি ও বিমানবন্দর থানায় ১৩টি কেন্দ্রের মধ্যে ৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকা তৈরির সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, মেয়র পদপ্রার্থীদের স্ব-স্ব এলাকার কেন্দ্রসহ অরক্ষিত বাউন্ডারী ওয়ালবিহীন স্কুল, কলেজ ও মূল সড়ক ঘেঁষে যেসব কেন্দ্র রয়েছে সেগুলোকে প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান বলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মোবাইল ফোনে আলাপকালে সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে পুলিশ কমিশনার তাকে জানিয়েছেন। রিটার্নিং অফিসারের দপ্তরে এখনো কোনো তালিকা পৌঁছায়নি। তালিকা হাতে পাওয়ার পর ভোটের দিন ঐসব কেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। বিএমপির উপ-কমিশনার (সদর) শোয়েব আহমেদ জানান, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করতে তারা নগরীর ১শ’টি কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করে একটি তালিকা চূড়ান্ত করেছেন। আগামী কয়েকদিনের মধ্যেই তালিকাটি রিটার্নিং অফিসারের দপ্তরে পাঠানো হবে। তবে নির্বাচন কমিশন থেকে এ কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ শব্দের পরিবর্তে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে নির্বাচন অফিসের কর্মকর্তারা জানান।