আমগাছে ঝুলছিল প্রেমিক যুগলের লাশ

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল দুজনের। দুই পরিবারে বিয়ের জন্য আলোচনাও তুলেছিল তারা। কিন্তু ছেলের অভিভাবক প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় দীর্ঘদিন ধরে আটকে ছিল বিয়ে। আলাদা স্থানে দুজনকে বিয়ে দিয়ে অনেক দূরে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল দুই পরিবার। এমন পরিস্থিতিতে গত বুধবার গভীর রাতে মিলল সেই প্রেমিক যুগলের লাশ!

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার গোরস্থানের পাশে আমগাছের সঙ্গে নাইলন দড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন: উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয়ভাগিয়া গ্রামের কুণ্ঠ কুমার পালের মেয়ে ইচ্ছা রানী পাল (২১) ও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী  নয়াপাড়া গ্রামের খই খোয়া পালের ছেলে সুনীল পাল (২৪)। তারা আত্মহত্যা করেছে, নাকি কেউ হত্যা করে তাদের গাছে ঝুলিয়ে রেখেছিল— সে ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

ছেলের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িতে ফিরেনি সুনীল পাল। বুধবার রাতে রাণীশংকৈল থানা থেকে তাদেরকে মোবাইলে খবর দিলে সুনীলের খোঁজ পায় তার পরিবার। এদিকে মেয়ের পরিবারের লোকজন জানিয়েছেন, আমরা প্রেমের সম্পর্ক মেনে নিয়েছিলাম। কিন্তু ছেলের পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেওয়ার এমন ঘটনা ঘটল।

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) খায়রুল আলম ডন বলেন, লাশ দুটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা রাণীশংকৈল থানায় একটি ইউডি মামলা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলেই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।