নারায়ণগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:০৯
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহত যুবক কাউছারের (১৮) গতকাল মৃত্যু হয়েছে। গত রবািরের সংঘর্ষে আহত হয়েছে আরো ১০ জন। নিহত কাউছারের বাবা আইয়ুব আলী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জের সিআই এলাকাতে।
পুলিশ, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার মাসুদ গ্রুপের সুলতান হোসেনের সাথে মিজমিজি পূর্বপাড়া এলাকার আউয়ালের একটি মোবাইল বিক্রি করাকে কেন্দ করে বাকবিতণ্ডা ঘটে। এসময় আউয়াল ও তার দুই সঙ্গী মিলে সুলতানকে মারধর করে। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাউছার, লিটন, আলাউদ্দিন, জহির, আউয়ালসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কাউছারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হলে গতকাল সোমবার তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় রাতে মাসুদ বাদী হয়ে আউয়ালকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।