সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসতে হবে

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন বাংলাদেশকে সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী বছরে কোন সহিংসতা কাম্য নয়। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার জন্য অপেক্ষা করছি। প্রতি বারই এদেশটি গণতন্ত্রের পথ বেছে নিয়েছে এবং সব সময়ই গণতন্ত্র উন্নত ও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় অংশীদারিত্বমূলক সংলাপ শেষে গতকাল সোমবার ওয়েন্ডি শারমেন একথা বলেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এবং বিকালে স্থানীয় একটি হোটেলে তিনি বক্তব্য রাখেন। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হিসাবে ওয়েন্ডি শারমেন দুইটি বিষয়কে উল্লেখ করেন। দিনের পর দিন হরতাল আর প্রতিবাদী মিছিলের কারণে রাজপথ, উত্পাদন বন্ধ থাকে। বাংলাদেশে চক্রাকার সহিংসতা একটি বড় দুশ্চিন্তার বিষয়। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে স্তব্ধ করে দেয়। পাশাপাশি সংখ্যালঘুদের ভয়ের সৃষ্টি করে। জনসংখ্যার কিছুসংখ্যককে চরমপন্থি করে তোলে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এই নির্বাচনী বছরে সহিংসতার চক্র থেকে বের হতে হবে। ওয়েন্ডি শারমেন বলেন, বাংলাদেশ ক্রমান্বয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি গতিশীল ও সম্ভাবনাময় অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থান করছে দেশটি। এখানে সক্রিয় ও কার্যকর গণতন্ত্র আছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গেও অনেক কিছু করার আছে। একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন হবেই। কেমন সরকারের অধীনে নির্বাচন হবে তা বাংলাদেশই নির্ধারণ করবে। জনগণকে শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ করতে দিতে হবে। গণতান্ত্রিক সমাজে সহিংসতা গ্রহণযোগ্য নয়। মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, জিএসপি ইস্যুতে সিদ্ধান্ত হবে জুন মাসে ওয়াশিংটনে। এখন কাজ চলছে। প্রস্তাবিত টিকফা চুক্তির মাধ্যমে সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে। বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, কর্ম পরিবেশের মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্ব আছে। ক্রেতাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখে সেটা আমরা চাই। বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। দুই দিনের অংশীদারিত্ব সংলাপ শেষে সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সহকারী সেক্রেটারি জোসে ফার্নান্দেজসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকালে বিআইআইএসএস স্থানীয় একটি হোটেলে আয়োজিত দুই দেশের অংশীদারিত্ব বিষয়ক এক সংলাপে বক্তব্য রাখেন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন। এতে পররাষ্ট্র সচিব শহীদুল হক, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা ও বিআইআইএসএস-এর চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ বক্তৃতা করেন। বক্তৃতায় আন্ডার সেক্রটারি ওয়েন্ডি শারমেন বলেন, চল্লিশ বছরে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এই সাফল্য গাঁথাকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বেশ আগ্রহী। চ্যালেঞ্জগুলো কঠিন হলেও অনতিক্রম্য নয়। সেজন্যই আমাদের দৃঢ় অংশীদারিত্ব। সন্ত্রাস মোকাবেলা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, পুলিশ প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে চমত্কার সহযোগিতা কাজ করছে। সন্ত্রাসী নেটওয়ার্ক দমনে একত্রে কাজ করছি। ভারত ও বাংলাদেশ সন্ত্রাস দমনে চমত্কার কাজ করছে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অঙ্গীকার চমত্কার, এটি গতিশীল নাগরিক সমাজের সঙ্গে তুলনীয়। বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক দারিদ্র্য ও দুর্ভোগের বিরুদ্ধে লড়াই এ বিশ্বে আদর্শ হিসাবে কাজ করছে। বাংলাদেশের যা কিছু ভাল তার সবকিছুর প্রতিনিধিত্ব করে ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক। আমরা চাই গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা ও কার্যকারিতা অব্যাহত থাকুক। ওয়েন্ডি শারমেন বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ তরান্বিত করলে অংশীদারিত্ব আরো গভীর হবে। আমরা ভারত প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক দ্বার দেখতে চাই যা দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় দেশগুলোকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল বাজারের সঙ্গেও যুক্ত করবে। পণ্য, সেবা ও মানুষের চলাচল আরো গতিশীল হবে। বাণিজ্যিক বাধাগুলো ভেঙ্গে ফেলতে হবে। রাস্তা, সেতু, বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা, রেলপথ, সমুদ্রবন্দর ও পাইপ লাইন- এসব অবকাঠামো গঠন করতে হবে। এটা অর্জিত হলে মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বৈশ্বিক বাণিজ্যের ব্যস্ত কেন্দ্রে পরিণত হবে। ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহ-এর কথা পুনরাবৃত্তি করলে আমরা এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি যেখানে একজন নাস্তা করবে কলকাতায়, মধ্যহ্ন ভোজ করবে ঢাকায় এবং নৈশভোজ করবে রেঙ্গুনে।