এফবিসিসিআই টিকফা চুক্তিতে রাজি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তিতে (টিকফা) স্বাক্ষর করতে সরকারের নেয়া সিদ্ধান্তে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সম্মত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। গতকাল সোমবার ফেডারেশন ভবনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাসভায় তিনি এ কথা জানান। তবে টিকফা চুক্তির নীতি ধীরে ধীরে বাস্তবায়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, হঠাত্ করে চুক্তির নীতি বাস্তবায়ন করতে গেলে শিল্প উদ্যোক্তাদের জন্য তা পালন করা কঠিন হতে পারে। তাই ধাপে ধাপে টিকফা বাস্তবায়ন করা উচিত। এ সময় তিনি জিএসপি’র (অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা) আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সব ধরনের রফতানি পণ্য তালিকাভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের শিল্প-কারখানায় কমপ্লায়েন্স রক্ষা করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিলে আর্থ-সামাজিক উন্নয়নে তা বড় ভূমিকা রাখবে। কাজী আকরাম বলেন, বাংলাদেশের পর্যটন, তথ্য ও প্রযুক্তি, ব্যাকওয়ার্ড লিংকেজ সেক্টর, হাল্কা শিল্প, ভোগ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ, মত্স্য ও কৃষিখাত, জাহাজ নির্মাণ ও টেলিকম সেক্টরে যুক্তরাষ্ট্র সরাসরি বিনিয়োগ করতে পারে। সভায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক কর্মকর্তা আলেক্সান্ডার গাজিস, এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার জাহান, বায়রা সভাপতি শাহজালাল মজুমদার এবং এফবিসিসিআইয়ের পরিচালক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।