তারেক রহমান শিঘ্রই দেশে ফিরে দলের দায়িত্ব নেবেন :দুদু
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৪১
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দলের দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু। তিনি আরো বলেন, তারেকের অংশগ্রহণে মাত্র একটি সভা আর তার কয়েকটি কথা শুনেই সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন অচিরেই তিনি দেশে ফিরবেন। দলও মনে করে তিনি এসে দায়িত্ব গ্রহণ করবেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তা আইনগতভাবে মোকাবিলা করা হবে।
গতকাল সোমবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে দুদু বলেন, আইন ও আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। যে আইনে এম কে আনোয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে তা যথাযথ নয়। তবুও তাকে আদালতের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, আমরা জানতে পেরেছি এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছে। এক্ষেত্রে যদি রাষ্ট্র মামলা করতো তাহলে তা যথাযথ হতো।
সরকারের কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, সংসদ চলাকালীন বা তার ১৫ দিন আগে ও পরে কোনো এমপিকে গ্রেফতার বা আইনের আওতায় আনতে হলে স্পিকারের অনুমতি বা আইনানুগ প্রক্রিয়া মানতে হয়। একটা জামিনযোগ্য মামলায় এম কে আনোয়ারকে জামিন দেয়া হয়নি। তিনি অনতিবিলম্বে এম কে আনোয়ার, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, মো. শাজাহান, রুহুল কবির রিজভী, রুহুল কুদ্দুস তালকুদার দুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আটক নেতাদের মুক্তি দাবি করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ‘কারাগারে’ পরিণত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এখানে যাতায়াতে বাধা সৃষ্টি করছে সরকার। বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদের সমালোচনা করে দুদু বলেন, মন্ত্রীর চেয়ারে বসে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শোভনীয় নয়।