শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মার্কিন কংগ্রেসম্যানের
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৪২
গার্মেন্টসের কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা দেখতে গত শনিবার সকালে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান জর্জ মিলার। ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিকদের খোঁজ-খবর নিতে তিনি গতকাল সোমবার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। এসময় তিনি চিকিত্সা- ধীন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। হাসপাতালে জর্জ মিলার সাংবাদিকদের বলেন, পোশাক কারখানায় কাজের পরিবেশের উন্নয়ন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে পোশাক শ্রমিকরা কতটুকু নিরাপদ তা পর্যবেক্ষণের জন্যই আমরা এখানে এসেছি। রানা প্লাজার ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন উল্লেখ করে মিলার বলেন, বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জর্জ মিলার বলেন, শ্রমিকদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান দাবি। শ্রমিকদের রক্ষায় ভবন ধস, অগ্নিকাণ্ডের ঘটনা রুখতে হবে। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষ এবং তাদের যথাযথ সুযোগ দিয়ে এই শিল্পের বিকাশ ঘটাতে হবে। এজন্য শ্রামিকদের নিরাপত্তা দিতে হবে। সফরকালে কংগ্রেসম্যান মিলার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, বিজিএমইএ’র নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তিনি কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা ও উত্পাদন পরিস্থিতি ঘুরে দেখবেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান এবং শিক্ষা ও শ্রম বিষয়ক কংগ্রেস কমিটির সদস্য জর্জ মিলার এই প্রথম বাংলাদেশ সফরে এলেন।