প্রতীক বরাদ্দের পর মাঠে চার সিটির প্রার্থীরা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৪২
আগামী ১৫ জুন অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। গতকাল প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী এলাকায় উত্সব আমেজ সৃষ্টি হয়েছে। পুরোদমে প্রার্থী-সমর্থকরা ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এতোদিন দলীয় প্রার্থী নির্ধারণ জটিলতা থাকায় নির্বাচনী আমেজে ভাটা লক্ষ্য করা গেলেও সে সমস্যা মিটে গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি একক প্রার্থী দেয়ায় নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। তবে কোন প্রার্থী এই নির্বাচন আচরণবিধি লংঘন করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার মো ঃ শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, নির্দলীয় নির্বাচন নির্দলীয় ভাবেই করতে কমিশন বদ্ধপরিকর। চার সিটি করপোরেশন নির্বাচনে যদি কোনো প্রার্থী দলীয় পরিচয় পোস্টারে ব্যবহার করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। তিনি বলেন, আচরণবিধি লংঘনকারীর কাউকে ছাড় দেয়া হবে না।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের কাছাকাছি সময়ে এ নির্বাচনের ফলাফল বড় দুই দলই নিজেদের ঘরে তুলতে মরিয়া। এ নিয়ে দল দুটির কেন্দ্রীয় পর্যায়েও চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে সব প্রকার দ্বন্দ্ব কাটিয়ে স্থানীয় কমিটিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নীতি-নির্ধারণীমহল।
নির্বাচনী এলাকা থেকে জানানো হয়েছে, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়িয়েছেন। তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে সব বয়সী ভোটারের কাছে ভোট প্রার্থনা করেছেন প্রার্থীরা ।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০ অনুসারে ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ২১ দিন পূর্বে কোন প্রার্থী কোন নির্বাচনী প্রচারণা শুরু করতে পারে না। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। এরই অংশ হিসাবে প্রচারণা শুরু হয়ে গেছে। তবে আচরণবিধি অনুসারে প্রচারণায় দুপুর ২টা থেকে রাত ৯টার মধ্যেই মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। কোন প্রার্থী একটি ওয়ার্ডে একই সঙ্গে পথসভার জন্য একটি এবং নির্বাচনী প্রচারণার জন্য একটির অধিক মাইক ব্যবহার করতে পারবে না। পোস্টার সাদা-কালো রঙের হতে হবে, যার আয়তন ২৩”/১৮” এর অধিক হতে পারবে না। পোস্টারে লাগানো ছবি সাধারণ ছবি হতে হবে। কোন অনুষ্ঠান বা মিছিলে নেতৃত্বদান, প্রার্থনারত অবস্থা ইত্যাদি ভঙ্গিমার ছবি ছাপানো যাবে না। কাউন্সিলর ব্যতীত মেয়র পদের কোন প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে কোন ভোটার স্লিপ প্রদান করতে পারবেন না। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত কোন রাজনৈতিক দলের নাম বা প্রতীক বা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবি ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। নির্বাচনের উদ্দেশ্যে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। তবে জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এইরূপ কোন সড়কে প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোন ব্যক্তি পথসভা করতে পারবেন না। এমনকি কোন মঞ্চও তৈরি করতে পারবেন না। প্রচারণার ক্ষেত্রে কোন প্রার্থী প্রতিপক্ষের পথসভা বা ঘরোয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান পণ্ড বা বাধা প্রদান করতে পারবেন না।
নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে কোন বিলবোর্ড ব্যবহার করা যাবে না। গেট, তোরণ বা ঘর নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বিষয়েও নিষেধাজ্ঞা রয়েছে। কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান এবং উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ রয়েছে। কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি দেয়ালে লিখে বা অংকন করে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। অর্থ, অস্ত্র ও পেশী শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচনে প্রভাবিত করা যাবে না। কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচনের পূর্বে এই বিধিমালার লংঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক ৬ মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ আরো বলেন, যেহেতু এ নির্বাচনগুলো স্থানীয় নির্বাচন যা স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। এটা হলো নির্দলীয় নির্বাচন। এদিকগুলো দেখার জন্য রিটার্নিং অফিসার এবং একটি কমিটি করা আছে তারা রিটার্নিং অফিসারের কাছে জানাবে তাহলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
প্রচারণায় সরকারি দল নির্বাচনের ফলাফল নিজেদের ঘরে তুলতে উন্নয়ন কর্মকাণ্ডকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। আবার বিরোধী দল বিএনপি নানা ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে আর পরিবর্তনের জয়গান গেয়ে নিজেদের ভোট বাক্স ভারি করবে। কারণ এই চার সিটিতে গতবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়লাভ করেছিল। তাই বিএনপি চায় জয় ছিনিয়ে আনতে। চার সিটি নির্বাচনে প্রকারান্তরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই লড়াই হবে। বিভিন্ন প্রতীক নিয়ে লড়বেন তারা।
এর মধ্যে সদ্য বিদায়ী মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন তালা, মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন আনারস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন চশমা প্রতীক। খুলনায় সদ্য বিদায়ী মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক-তালা, বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি-আনারস ও জাতীয় পার্টি (এ) জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু পেয়েছেন দোয়াত-কলম প্রতীক। বরিশালে ১৪ দল সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত ও সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন পেয়েছেন টেলিভিশন, ১৮ দল সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আহসান হাবীব কামাল-আনারস ও মহানগর যুবলীগের যুগ্মআহ্বায়ক মাহমুদুল হক খান মামুন পেয়েছেন দোয়াত-কলম প্রতীক। সদ্য বিদায়ী মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছেন আনারস, বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী-টেলিভিশন এবং স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমন পেয়েছেন তালা প্রতীক।
মোট ২৪ প্রার্থী মেয়র পদে চার সিটি নির্বাচনের প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ২ জনের মনোনয়নপত্র বাতিল করে ২২ জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করে। তবে মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার পর চার সিটিতে মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া চার সিটির মোট ১১৮টি সাধারণ কাউন্সিলর পদে ৫৪২ ও ৩৯টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৯১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।