কাল সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামীকাল বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের দাবিতে এই হরতালের ডাক দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী বুধবারের হরতালের পর সরকার পতনের এক দফা আন্দোলনের সিরিজ কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিরিজ কর্মসূচির মধ্যে থাকবে হরতাল, অবরোধ এবং বিক্ষোভ। গতকাল সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানস্থ কার্যালয়ে ১৮ দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানান, তারেক রহমান জামিনে আছেন কিন্তু মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, এমকে আনোয়ারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে কোন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না করেই সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান ইত্তেফাককে জানান, বৈঠকে সরকার পতনের এক দফা আন্দোলনের পথ নকশা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বুধবার হরতালের পর এ আন্দোলন শুরু হবে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রেদোয়ান উল্লাহ শাহিদি, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদত্ হোসেন সেলিম, বিজেপির প্রেসিডিয়াম মেম্বর আশিকুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ নয় জেলায় হরতাল ঢাকার একটি আদালত কর্তৃক বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশের ৯টি জেলায় হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। আজ মঙ্গলবার হরতাল ডাকা হয়েছে চট্টগ্রাম, ফেনী, জয়পুরহাট, মাদারীপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জে। জয়পুরহাটে ও ফরিদপুরে আধাবেলা হরতাল হবে। বাকি জেলাগুলোতে সকাল-সন্ধ্যা হরতাল। ফরিদপুরে আজ এবং আগামীকাল দুইদিন আধাবেলা করে হরতাল হবে। এদিকে বগুড়া প্রতিনিধি জানান, বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ, সংবাদপত্রবাহী সিএনজি অটোরিক্সায় আগুন লাগানোসহ বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্যদিয়ে বগুড়ায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এসময় বিএনপি নেতা পৌর কাউন্সিলর পরিমল কুমার দাস ও সাবেক মহিলা কাউন্সিলর নীলুফার কুদ্দুস গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় কাফনের কাপড় পরে মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। হরতালের সমর্থনে বেলা সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের আলতাফুননেছা খেলার মাঠ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের সাত মাথায় এসে সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান বক্তব্য রাখার সময় হঠাত্ সমাবেশস্থলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়লে বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হন। বিএনপি নেতা-কর্মীরা শহরের স্টেশন রোড, গোহাইল রোড ও কাজী নজরুল ইসলাম সড়ক হয়ে চলে যান। ১ ঘন্টা পর যুবদলের কর্মীরা শহরের ফতেহ আলী মোড়ে একটি রিক্সায় এবং বড়গোলা এলাকায় সংবাদপত্র বহনকারী অটোরিক্সায় আগুন দেয়। বেলা ২টার দিকে নবাববাড়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী লাভলী রহমানের নেতৃত্বে মহিলা কর্মীরা কাফনের কাপড় পরে মৌন মিছিল বের করেন। তারা কিছুদূর এগোতেই ডায়াবেটিক হাসপাতালের সামনে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল নিয়ে পুনরায় সার্কিট হাউজ সড়কের দিকে যেতে চাইলে পুলিশ পুনরায় সদর ফাঁড়ির সামনে বাধা প্রদান করে। মিছিলকারীরা সেখানেই সমাবেশ করেন। বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, মুক্তা ইসলাম প্রমুখ। সকালে হরতালের সমর্থনে শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় নেতা-কর্মীরা মিছিল বের করেন। রাস্তায় টায়ারে আগুন এবং গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন। সদর উপজেলা বিএনপি নেতা-কর্মীরা মাটিডালী এলাকায় মিছিল করেন। ধুনটে ২টি ট্রাকসহ কয়েকটি গাড়ি ভাংচুর করেন। দোকানপাট বন্ধ ছিল। শহরে মানুষের উপস্থিতি ছিল কম। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন ছিল। বগুড়া থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সিরাজগঞ্জে পিকেটারের হামলায় সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল বিছিন্ন ঘটনার মধ্যদিয়ে পালিত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের এলজিইডি মোড়ে পিকেটাররা একটি মোটর সাইকেল ভাংচুর ও ৪ আরোহীকে মারপিট করে। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে সোমবার দুপুরে মহানগর ছাত্রদলের একটি মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জে অন্তত ১২ জন আহত হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে।