তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাবির ২৭৭ শিক্ষকের বিবৃতি
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৪৪
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২৭৭ জন শিক্ষক। গতকাল সোমবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আফরাউজ জামান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফজলুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকগণ উল্লেখ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশবাসী যখন চরম উত্কণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে ঠিক সে মুহূর্তে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিবৃতিতে তারা বলেন, বিদেশে পালিয়ে থাকা কোন আসামির খোঁজে ইন্টারপোলের সাহায্য নেয়া হয়ে থাকে। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জামিন আদেশ নিয়ে তারেক রহমান চিকিত্সার্থে লন্ডনে অবস্থান করছেন, কাজেই প্রমাণ হয় দায়ের করা গ্রেফতারি পরোয়ানাটি বানোয়াট এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শিক্ষকগণ বিরোধী দলকে দমন-পিড়নের সকল প্রকার অপকৌঁশল পরিহার করে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণের দ্বারা দেশের চলমান সংকট নিরসনের দাবি জানান।