পিরোজপুরের চরখালী ও বেকুটিয়া ফেরির ১৮টি রুট বিচ্ছিন্ন

নদীতে প্রবল পানির চাপে পিরোজপুরের চরখালী ও বেকুটিয়া ফেরি চলাচল গতকাল সোমবার বিঘ্নিত হয়। চরখালী ও বেকুটিয়া দু’টি ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দক্ষিণাঞ্চলের ১৮টি রুটের যাত্রী পরিবহনসহ সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়। কচা নদীতে গত কয়েকদিন ধরে সমুদ্রের পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তীব্র স্রোত বইছে। এ ফেরি দু’টি কচা নদীতে অবস্থিত বলে বিশেষত ভাটির সময় পানির চাপ বেশি থাকে। গতকাল সোমবার পর্যন্ত ভাটির টান বেগবান থাকায় ফেরিগুলো চলাচল বন্ধ থাকে। চরখালী ঘাটের ম্যানেজার রমজান জানান, ঘাটের দু’টি ফেরিই যান্ত্রিক ত্রুটিপূর্ণ। স্বাভাবিক স্রোতের সময় অতিকষ্টে ফেরি চালানো হয়। দু’তিন ধরে তীব্র স্রোতের কারণে ভাটার সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার টগড়া প্রান্তের পন্টুনে ফেরি ভিড়লে মডিউলের সাথে রোপ বাঁধার পর মডিউল স্রোতের চাপে উপড়ে যায়। এরপর থেকে ঐ পন্টুনে আরকোন ফেরি ভেড়ানো যায়নি। উপরন্তু ভাটা থাকায় গতকাল দুপুর পর্যন্ত চরখালী-টগড়া ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর জোয়ার হলে ফেরি চালু হয়। এ দিকে কাউখালী সংবাদদাতা জানান, রবিবার সন্ধ্যায় বেকুটিয়া ফেরি ঘাটের গ্যাংওয়ে পানির চাপে রাস্তার প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। ফেরিঘাটের দু’প্রান্তে গাড়ির লম্বা লাইন পড়ে। গতকাল দুপুরের পর এ ফেরি চলাচল আবার শুরু হয়।