রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আট নেতাকর্মীকে মারধরের জেরে ইজারাকৃত বাগানের প্রায় সব গাছ থেকে লিচু পেড়ে সাবাড় করেছেন নামধারী ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসের রোকেয়া হলের পেছনের গোদাগাড়ী বাগানে বিকাল ৪টার দিকে বিভিন্ন হলের ২৫-৩০ জন নেতাকর্মী বস্তা নিয়ে ওই বাগানের সব লিচু পেড়ে নেন। এর আগে গত মঙ্গলবার রাতে ওই বাগানে লিচু পাড়তে গেলে ছাত্রলীগের আট নেতাকর্মীকে মারধর করে বাগানের প্রহরীরা। এতে ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক কাননের দুই হাত ভেঙে যায় ও উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদির পায়ে গুরুতর জখম হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকায় বাগানটি ইজারা নেন এ ব্যক্তি। তিনি বাগানটি পাহারা দেওয়ার জন্য প্রহরী নিযুক্তও করেন। মারধরের ঘটনায় মামলা হলে তারা বাগানে আসা বন্ধ করে দেন। এই সুযোগে গতকাল ডালও কেটে ফেলেন লিচু সাবাড়কারীরা। রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ওই ঘটনার পর থেকে বাগান ইজারা নেওয়া সংশ্লিষ্টরা পলাতক রয়েছে। এই সুযোগে শিক্ষার্থীরা হয়ত লিচু পাড়ছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে লিচু সাবাড়কারীদের দুর্ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু শুনিনি।