কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম বর্ষের যাত্রা শুরু আজ
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫১
আজ মঙ্গলবার (২৮ মে) অন্তহীন সমস্যার মধ্য দিয়ে ৭ম বর্ষে পদার্পণ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। ক্লাসরুম, আবাসন সংকট, সেশন জট, পরিবহন সমস্যা এবং বিভিন্ন ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থী আন্দোলন ইত্যাদি কারণে বাধাগ্রস্ত হচ্ছে কাঙ্ক্ষিত পথচলা। তার মধ্যেও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে র্যালী ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ২০০৬ সালে কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। কুমিল্ল¬া মহানগর থেকে ৮ কিলোমিটার দূরে পশ্চিমে লালমাই-ময়নামতি পাহাড়ের পাদদেশে কোটবাড়ির সালমানপুরে নৈসর্গিক পরিবেশে ৫০ একর জমির ওপর স্থাপিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৭ সালের ২৮ মে। এর আগে অতিদ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করে ৩০০ জন শিক্ষার্থী ভর্তি ও ৩০ জন শিক্ষক-কর্মকর্তা নিয়োগ করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক রয়েছেন ১১৩ জন এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট অত্যন্ত প্রকট। ৩টি একাডেমিক ভবনে মাত্র ২৮টি ক্লাসরুম রয়েছে। এ সংকটের কারণে প্রশাসনিক ভবনের ২টি রুমে ক্লাস নেয়া হয়। কুবি’র ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমির হোসেন খান গতকাল সোমবার এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, এসব সংকট ও সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।