ছিনতাইকারীর হামলায় কলেজ ছাত্র নিহত
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫১
জেলার সিদ্ধিরগঞ্জে পাইনাদী দক্ষিণপাড়া (পাগলাবাড়ি) এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র মো. কাউসার (২৩) হাসপাতালে মারা গেছেন। রবিবার রাতে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে সে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে। সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কাউসার চাঁদপুর বাবুরহাট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র এবং চাঁদপুর সদর থানার শেখদি গ্রামের আইয়ুব খানের পুত্র। ছিনতাইকারীদের হামলার সময় আলাউদ্দিন ও মাসুদ নামে আরো দুই যুবক আহত হন বলে জানা গেছে।
এদিকে কাউসারের মৃত্যুর খবরে গতকাল সকালে নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। বিকালে বিক্ষুব্ধ জনতা সিদ্ধিরগঞ্জ পুলে মানববন্ধন কর্মসূচি পালন শেষে কাউসারের লাশ নিয়ে বিক্ষোভ করে। তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আ. মতিন জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে মামুন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্বপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। ঘাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।