চট্টগ্রামে অধিকাংশ পোশাক কারখানা ত্রুটিপূর্ণ ভবনে
মুহা. নিজাম উদ্দিন, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫১
ভবনের দুর্বল অবকাঠামো ও শ্রম আইনের ব্যাপক লংঘনের মধ্যে চট্টগ্রামে অধিকাংশ গার্মেন্টসের কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। এসব বিষয় তদন্ত করতে গঠিত কমিটির কাছে ত্রুটিগুলো ধরা পড়ছে। শ্রম আইনের ধারা লংঘনের দায়ে ইতিমধ্যে ২৪৫টি গার্মেন্টসকে নোটিস ও ১৬টির বিরুদ্ধে মামলা করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতর। চট্টগ্রামে অধিকাংশ গার্মেন্টস আবাসিক ভবনে পরিচালিত হচ্ছে।
সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির পর চট্টগ্রামে গার্মেন্টসের উপর একাধিক কমিটি কাজ করছে। কমিটিগুলো এসব গার্মেন্টসের ভবনের অবকাঠামো, বেতন-ভাতা ও শ্রম আইন মানা হচ্ছে কিনা তা তদন্ত করে দেখছে। কল-কারখানা পরিদর্শন দফতর জানায়, তাদের তিনটি কমিটি তদন্ত কাজ করছে। চট্টগ্রামে প্রায় ৬০০ গার্মেন্টস রয়েছে। এর মধ্যে গঠিত কমিটি পৌনে ৩০০ গার্মেন্টসে তদন্ত শেষ করেছে। গার্মেন্টসগুলোতে ব্যাপক অনিয়ম চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারখানা পরিদর্শক (প্রকৌশলী) জানান, বেতন কাঠামো মোটামুটি মেনে চলা হচ্ছে। তবে গার্মেন্টসগুলোর পরিবেশ ভালো না। শ্রম আইনের ধারাগুলো মানা হচ্ছে না। গার্মেন্টসের সিঁড়িগুলো একেবারে সরু, শ্রমিকদের সার্ভিস বুক, আইডি কার্ড ও নিয়োগপত্র দেয়নি অধিকাংশ গার্মেন্টস কর্তৃপক্ষ। গার্মেন্টস চলাকালীন গেটগুলো তালাবদ্ধ থাকে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। কোন দুর্ঘটনা ঘটলে ব্যাপক হতাহতের সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, কিছু কিছু গার্মেন্টস ভবনে ছোট ছোট ফাটল ধরেছে। এসব গার্মেন্টস কর্তৃপক্ষকে চুয়েট বা প্রকৌশলী সংস্থার মাধ্যমে ভবনের কাঠামো পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে নোটিস দেয়া হচ্ছে। এ প্রসঙ্গে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতর চট্টগ্রাম উপ-প্রধান পরিদর্শক আমিনুল হক ইত্তেফাককে বলেন, ‘আমাদের তিনটি কমিটি গার্মেন্টসগুলো নিয়ে তদন্ত করছে। যেগুলোতে ত্রুটি রয়েছে তাদের নোটিস দেয়া হচ্ছে।’
কমিটির সদস্য প্রকৌশলী শামীম জানান, বিজিএমইএ থেকে চট্টগ্রামে ৫৮০টি গার্মেন্টসের তালিকা পাওয়া গেছে। এসব ভবন সিডিএ প্রণীত নকশা অনুযায়ী করা হয়েছে কিনা এবং ভবনগুলো কোন কাজে ব্যবহার হচ্ছে তা দেখা হচ্ছে।