থানায় ঘুষ :ভাগ হয় বিভিন্ন পর্যায়ে
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫২
সারা দেশের বিভিন্ন থানার ওসি ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বেশ পুরনো। জিডি কিংবা মামলা করতে, আসামি ধরতে বা না ধরতে বাদী-বিবাদী পক্ষের কাছ থেকে থানার ওসি-এসআইরা টাকা নেন বলে প্রায়ই খবর পাওয়া যায়। অনুসন্ধানে জানা গেছে, এই ঘুষের টাকার একটি বড় অংশই চলে যায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছে। কর্মকর্তাদের চাহিদা মতো টাকা ম্যানেজ করতে অনেক সময়ই উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের পাতি নেতা, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেন থানার ওসি ও এসআইরা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি থানার এক ওসি বলেন, ‘ভাল’ থানায় বদলি হয়ে আসতে ৫ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এই ‘বিনিয়োগে’র টাকা অনেক ক্ষেত্রে নিরীহ মানুষের কাছ থেকেই তুলতে হয়। এমনকি কয়েদীরা পর্যন্ত বাদ যায় না। শীর্ষ কর্মকর্তাদের থানা থেকে ঘুষের ভাগ নেয়া বন্ধ করতে পারলে সাধারণ মানুষের হয়রানি ৮০ ভাগ কমে যাবে। নিরাপত্তা কিংবা বিচারের আশায় থানায় আসা নিরীহ মানুষের ভোগান্তি দুর্ভোগ কমে যাবে।
গত বুধবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘এমপি-পুষ্ট’ অধস্তনদের দৌরাত্ম্যে অসন্তুষ্ট পুলিশের শীর্ষ কর্মকর্তারা’ শীর্ষক সংবাদে পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। সংবাদটি প্রকাশের পর রাজধানী ও রাজধানীর বাইরের অনেক থানার ওসি ও এসআই পরিচয় দিয়ে ও কেউ কেউ পরিচয় গোপন করে তাদের সুখ-দুঃখের কথা জানান। অনেকে বলেন, সব ওসি কিংবা এসআইয়ের এমপি বা মন্ত্রীদের কৃপাদৃষ্টি পাওয়ার সুযোগ হয় না। বাহিনীতে এরাই সবচেয়ে খারাপ থাকে। একদিকে মন্ত্রী, এমপি বা সরকার দলীয় রাজনীতিকদের চাপ অন্যদিকে পুলিশ কর্মকর্তাদের চাপ সহ্য করতে হয় তাদের।
মাঠ পর্যায়ের কর্মকর্তারা আক্ষেপ করে জানান, থানার ওসি ও এসআইদের এমপি ও পাতি নেতাদের মাধ্যমে উেকাচ পাওয়ার রাস্তা তৈরি করতে হয়। পুলিশের ঘুষখোর শীর্ষ কর্মকর্তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের আহবান জানান তারা। তারা বলেন, ওসি এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা, যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা এখন সরকার দিচ্ছে তাতে মোটামুটি ভালোভাবেই সংসার চলে যায়।
চট্টগ্রাম রেঞ্জের একটি থানার ওসি জানান, শীর্ষ কর্মকর্তারা নিয়মিত নির্ধারিত হারে ঘুষ না পেলে পদে পদে থানার কর্মকর্তাদের হয়রানি করে থাকেন। মামলার চার্জশিট সই করতে গেলে বলে ওঠেন, কত টাকা পেয়েছেন? ভাগ কই? এমন কথা প্রকাশ্যেই জুনিয়র অফিসারদের বলেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তখন ওই কর্মকর্তার প্রতি শ্রদ্ধাবোধ থাকে না। তাদের ঘুষের টাকা সংগ্রহ করতে গিয়ে ওসিরা কালেক্টরের দায়িত্ব পালন করেন। ওসিদের মতে, ৯৫ ভাগ এসপি, ডিআইজি পর্যায়ের কর্মকর্তারা ঘুষখোর। তাদের ছেলে-মেয়েরা বিদেশে কিংবা দেশে নামিদামি ব্যয়বহুল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকে। তাদের স্ত্রীরা প্রতিমাসে কেনাকাটা করতে বিদেশে যান। ঢাকা ও ঢাকার বাইরে তাদের নামে-বেনামে রয়েছে বাড়ি-গাড়ি, সহায় সম্পদ।
কয়েকজন এসআই জানান, ‘গরীব থানা’য় ঘুষের কালেকশন কম। এই ধরনের থানা থেকে প্রতিমাসে এসপিকে ১০ হাজার, অতিরিক্ত এসপি ৫ হাজার, অতিরিক্ত ডিআইজি ২০ হাজার ও ডিআইজিকে ৩০ হাজার টাকা করে ঘুষ দিতে হয়। ‘ভাল থানা’য় মামলা ও জিডি হয় বেশি। এসব থানার আওতাধীন এলাকায় অপরাধ বেশি হয়। এ সব থানা থেকে এসপিকে নিম্নে ৩০ থেকে ৫০ হাজার টাকা, ডিআইজিকে ৫০ থেকে এক লাখ টাকা উেকাচ দিতে হয় বলে ওসিরা জানান। এর মধ্যে সার্কেলের এএসপি, অতিরিক্ত এসপি ও অতিরিক্ত ডিআইজিকে সম্মানী ভাতা দিতে হয়। প্রশাসনিকভাবে তারা বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। এ কারণে তাদের সম্মানী ভাতা দেয়া হয়। থানার ওসি-এসআইদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা রয়েছে ডিআইজির। এ কারণে তাদের ঘুষের রেট বেশি বলে কয়েক ওসি-এসআই জানিয়েছেন। এমনও ওসি রয়েছেন, যিনি সরাসরি ডিআইজি ও এসপিকে বলে দিয়েছেন, স্যার আমি ঘুষ খাই না। পারবো না তদ্বির মানতে। আমাকে যেখানে বদলি করবেন সেখানে কিংবা বসে রাখলে বসে থাকবো।
জানা গেছে রাজধানীতে বদলি হতে ওসিকে কমপক্ষে ১০ থেকে ২০ লাখ টাকা এবং ‘ভাল থানা’ হলে ৫০ লাখ টাকা পর্যন্ত রেট ওঠে। কনস্টেবলদের বদলি হতে ১০ থেকে ২০ হাজার টাকা উেকাচ দিতে হয়। পুলিশ সদর দপ্তরের শীর্ষ দুই কর্মকর্তা বলেন, বর্তমানে প্রধান কার্যালয় থেকে প্রতিটি জেলা পুলিশ প্রশাসন কঠোর মনিটরিং করা হচ্ছে। কোন ধরনের অনিয়ম পেলে কিংবা অভিযোগ আসলে তাত্ক্ষণিক ব্যবস্থা নেয়া হয়। এ কারণে পূর্বের চেয়ে ঘুষ নেয়ার বাণিজ্য অনেক কমে গেছে বলে তারা দাবি করেন।