টেকনাফে জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়ে
আব্দুর রহমান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫২
টেকনাফে জোয়ারে নাফ নদীতে পানি বৃদ্ধি পেয়ে বেড়ীবাঁধের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে সাগর ও নদীর পানি বৃদ্ধি পেয়ে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
উপকূলবাসীর ঘুম হারাম। নদীর জোয়ারের পানি বাঁধের উপর দিয়ে ভয়ে বিভিন্ন এলাকার বসতবাড়ি, চিংড়ি ঘের, ফসলি জমি তলিয়ে যায়। টেকসই বাঁধের অভাবে নির্মিত নাফ নদী বেড়ীবাঁধ আবারো বিধ্বস্ত হওয়ার শংকায় এলাকাবাসী। ২০০৭ সালে নাফ নদী উপকূলের বেড়ীবাঁধের নাজিরপাড়া সংলগ্ন আড়াই নং স্লুইচ গেট এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়। এ ভাঙ্গন সংস্কারে সরকার বিভিন্ন সময় কোটি টাকা খরচ করলেও তা রক্ষা করা যায়নি।
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় নাফ নদীর জোয়ারের পানি বেড়ীবাঁধের উপর দিয়ে গিয়ে এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। বেড়ীবাঁধের উপর দিয়ে বয়ে যাওয়া পানিতে অনেক বসতবাড়ি তলিয়ে যায়। এ সব এলাকার মানুষ বাঁধে ভাঙ্গনের আশংকা করছেন। তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে গত কয়েক বছর নাফ নদী বেড়ীবাঁধের ৬৮ নং পোল্ডারের বাঁধ ভাঙ্গনের ফলে প্রতিনিয়ত জোয়ারের পানি প্রবেশ করে টেকনাফ পৌরসভার সাইডপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, খাংকার ডেইল, সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া, মগপাড়া, লেজিরপাড়া, পানছড়িপাড়া এলাকার চিংড়িঘের, ফসলী জমি, বসতবাড়ী, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছিল। এ ভাঙ্গন এলাকায় কক্সবাজার পাউবো একের পর এক বরাদ্দের মাধ্যমে কাজ করলেও এ ভাঙ্গন ঠেকানো যায়নি। গতবছর এ বাঁধ সংস্কারে পাউবো কর্তৃপক্ষ ও উপজেলা কর্মসৃজন প্রকল্পসহ সোয়া কোটি টাকা দিয়ে ভাঙ্গা বন্ধ করা হলেও তা জোয়ারে রক্ষা করা যায়নি। সরকার এ ভাঙ্গা বাঁধ সংস্কার কাজ করলেও জোয়ারের পানিতে তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। বর্তমানে ভাঙ্গা বাঁধ সংস্কারের কারণে বর্ষায় উপকূলবাসী স্বস্তি পাবে বলে আশা করলেও আবারো নদীতে জোয়ারের পানি বৃদ্ধির কারণে বাঁধের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।
পাউবোর টেকনাফ উপ-সহকারী প্রকৌশলী গিয়াসউদ্দীন জানান, টানা বর্ষণ ও পূর্ণিমার জোয়ারে সাগর ও নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৮/৯ ফুট বৃদ্ধি পেয়ে বেড়ীবাঁধের উপর দিয়ে বয়ে যাওয়ার কথা স্বীকার করেন। বাঁধে ভাঙ্গন না হলেও বিভিন্ন অংশ ছিদ্র হয়ে পানি ঢুকছে, তা মেরামত করা হচ্ছে।