হরতালের কারণে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক বাতিল করলেন শারমেন

হরতালের কারণে সংসদে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক বাতিল করেছেন সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে এই বৈঠক হওয়ার কথা ছিল। গতকাল সকালে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বৈঠক বাতিল করা হয় এবং বিএনপিকে জানিয়ে দেয়া হয়। জানা যায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপ চলাকালে ২৬ থেকে ২৮ মে পর্যন্ত হরতাল কর্মসূচি না দেয়ার জন্য মার্কিন দূতাবাস বিএনপিকে বেশ আগেই অনুরোধ জানায়। বিএনপির পক্ষ থেকেও হরতাল ডাকা হবে না এমন নিশ্চয়তা দেয়া হয়। সংলাপ শুরুর প্রথমদিন গত ২৬ মে হরতাল ডাকায় অসন্তুষ্ট হয় মার্কিন দূতাবাস। হরতালের কারণে সংলাপের কয়েকটি কর্মসূচি ও আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের কর্মসূচি একাধিকবার পরিবর্তন করতে হয়। ২৬ মে তারিখে সংলাপের তিনটি অধিবেশন ও বেসরকারি খাতের তিনটি কর্মসূচি ছিল। ওয়েন্ডি শারমেন ঐদিন দুপুরে হরতালের মধ্যেই নয়াদিল্লি থেকে ঢাকা আসেন। হরতালের কারণে কয়েকটি বৈঠক বার বার পুনর্নির্ধারণ করতে হয়। ওয়েন্ডি শারমেন গতকাল দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, পরিস্থিতির কারণে কর্মসূচি বদল করতে হয়েছে। গত বছর যখন ঢাকায় আসি তখন বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাত্ করি; কিন্তু রবিবার ঢাকায় এসেই বিস্মিত হয়েছি। কারণ সেদিন হরতাল চলছিল। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মিস কেলি ম্যাকার্থি ‘ইত্তেফাক’ প্রতিনিধিকে জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপের প্রথমদিন বিএনপি হরতাল ডাকায় আন্ডার সেক্রেটারি শারমেন হতাশা ব্যক্ত করেছেন। হরতালের কারণে কর্মসূচি পরিবর্তন করতে হয়েছে। তাই বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আন্ডার সেক্রেটারির বৈঠক বাতিল করতে হয়েছে।