স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫৪
বগুড়ায় দুই যুবলীগ নেতা মজনু মিয়া (৪২) ও নাহিদ হাসানকে (৩০) কুপিয়ে খুনের ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নিহত মজনুর স্ত্রী সুরভী বেগম বাদি হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি আসাদুর রহমান দুলু, সদস্য আবু জাফর সিদ্দিক রিপনসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রিপনসহ মোট ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা মজনুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়া পুলিশ লাইন্সের দক্ষিণে সালাম মটরস নামের একটি গ্যারেজের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালীদের মধ্যে বিরোধ চলছিল। রবিবার ভোর ৬টার দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন, যুবলীগ নেতা মজনু মিয়া, কলোনী এলাকার ঝন্টু, মিনকো ও মিলনসহ বেশকিছু নেতাকর্মী গ্যারেজের সামনে দেয়াল তুলে গেট লাগিয়ে দখল নেয়। পরে দখল দেয়ার বিনিময়ে প্রাপ্ত টাকার ভাগ-বাটোয়ারা করার জন্য তারা রিপনের গ্রামের বাড়ি গণ্ডগ্রাম মিয়াপাড়ায় যায়। রিপনের দোতলা বাড়ির নিচতলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা দুলুর উপস্থিতিতে বৈঠকের এক পর্যায়ে টাকা-পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ বাধে। এসময় স্বেচ্ছাসেবক লীগ কর্মী ঝন্টু ও মিনকো ধারালো অস্ত্র দিয়ে মজনুকে উপর্যুপড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে মজনুর ভাতিজা যুবলীগ কর্মী নাহিদ এগিয়ে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র দাবি করছে , জায়গা দখল এবং ভাগ-বাটোয়ারা নিয়ে কোন্দল একটি কারণ মাত্র। তবে মজনু ও নাহিদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করেছে।