আসছে উচ্চাকাঙ্ক্ষী বাজেট বাস্তবায়ন কঠিন হবে
রিয়াদ হোসেন ও আহসান হাবীব রাসেল
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫৫
চলতি বাজেটের অনেক লক্ষ্যই পূরণ হয়নি। এরপরেও আগামী অর্থবছরে নেয়া হচ্ছে বড় অঙ্কের বাজেট। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ২১ হাজার ৭০০ কোটি টাকা। তবে বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটের আকার হবে ২ লাখ ২২ হাজার ৪৯৮ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৩২ হাজার কোটি টাকা বেশি। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক ডামাডোল আর গ্যাস-বিদ্যুতের তীব্র সঙ্কটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই অঙ্কের বাজেট উচ্চাকাঙ্ক্ষী।
জানা গেছে, সরকার আগামী অর্থবছরে মোট ১ লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা করছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা। এদিকে গত তিন বছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিতায় ছেদ পড়তে যাচ্ছে চলতি অর্থবছরে। ইতিমধ্যে গত ১০ মাসে রাজস্ব আদায়ে সোয়া ৪ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে এনবিআর। অর্থবছরের শেষ নাগাদ এ ঘাটতি ৫ হাজার কোটি টাকায় ঠেকতে পারে। এ অবস্থায় আসছে অর্থবছরে এনবিআরের পক্ষে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। আর এই অঙ্কের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার উপর প্রবৃদ্ধি ২১ শতাংশ বলা হলেও প্রকৃত আদায়ের উপর লক্ষ্যমাত্রা ২৭ শতাংশে ঠেকতে পারে। এ কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার কোটি টাকায় সীমাবদ্ধ রাখতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন এনবিআর চেয়ারম্যান। একই অনুরোধ ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়েও। বিভিন্ন সময় এনবিআর চেয়ারম্যান প্রকশ্যেই নিজের অপারগতার কথা জানিয়েছেন। বলেছেন, এই লক্ষ্যমাত্রা হবে অবাস্তব। তবে অর্থমন্ত্রী তার অনড় অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেছেন, ১ লাখ ৩৬ হাজার কোটি টাকাই আদায় করতে হবে। তবে প্রাক্কলন অনুযায়ী রাজস্ব আয় যদি না হয় তবে বাজেট ঘাটতি প্রাক্কলনের তুলনায় বেড়ে যেতে পারে। ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ৫২ হাজার ৩৯ কোটি টাকা। এ ঘাটতি আরও বেড়ে গেলে বাজেট বাস্তবায়নের চাপ বড় হয়ে উঠতে পারে। এমনিতেই বাজেট ঘাটতি ধরা হয়েছে দেশজ আয়ের (জিডিপি) ৪ দশমিক ৬ শতাংশ। তা আরও বেড়ে গেলে সরকারের ঋণ গ্রহণ প্রবণতা বেড়ে বেসরকারি বিনিয়োগকে প্রভাবিত করতে পারে।
সূত্র জানায়, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। অথচ এখন যে প্রাক্কলন করা হয়েছে তা ৬ দশমিক ২৩ শতাংশ পর্যন্ত হতে পারে। আগামীতে রাজনৈতিক অস্থিরতা ও গ্যাস-বিদ্যুতের সঙ্কটের মধ্যে উচ্চ অঙ্কের প্রবৃদ্ধি ধরাকে উচ্চাকাঙ্ক্ষী বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে বিনিয়োগ এখন জিডিপির ২৫ দশমিক ৭ শতাংশের মতো, যা দিয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। কারণ জিডিপির প্রতি ৪ শতাংশ বিনিয়োগে ১ শতাংশ প্রবৃদ্ধি হয়ে থাকে। একইভাবে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার তা এই সময়ে করা অনেকাংশে অসম্ভব। শিল্প উদ্যোক্তারা বলছেন, চলতি অর্থবছরে গ্যাস-বিদ্যুতের তীব্র সঙ্কট ও রাজনৈতিক প্রতিকূলতাসহ বিভিন্ন কারণে বিনিয়োগে মন্দা দেখা গেছে। সামনে এসব সঙ্কট আরও বাড়তে পারে।
অর্থনীতিবিদরা বলছেন, আগামী বছর নির্বাচনের বছর। অতীত অভিজ্ঞতা অনুযায়ী এই সময়ে রাজনৈতিক অস্থিরতা থাকে। এর দরুন হরতাল-অবরোধের মুখে পড়বে দেশ। ফলে ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিক গতি নাও থাকতে পারে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজস্ব আদায়ে। এই বিবেচনায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে ‘উচ্চাভিলাষী’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, ‘জিডিপি’র উপর ভিত্তি করে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। চলতি অর্থবছরে এটি ৭ দশমিক ২ শতাংশ ধরা হলেও অর্জন হবে ৬ শতাংশের মতো। চলতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। এই অবস্থায় বড় ধরনের নতুন কর না বসালে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।’ আর লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হলে বাজেট বাস্তবায়ন চাপের মুখে পড়বে বলে মনে করেন এনবিআরের সাবেক এই চেয়ারম্যান।
বিশ্লেষকরা বলছেন, উন্নয়নশীল দেশ হিসেবে অর্থনীতিকে এগিয়ে নিতে ঘাটতি বাজেট হতে পারে। বাজেটও বড় অঙ্কের হতে পারে। তবে সেজন্য আয়ের পথ সুগম রাখতে হবে। অন্যথায় বড় বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না। রাজস্ব আয় বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেয়ার পাশাপাশি বিদেশি অর্থায়নের প্রকল্পগুলোতে বেশি জোর দিতে হবে। প্রসঙ্গত, চলতি অর্থবছর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।