প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োজিত ১৭৫ জন
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫৫
সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থায় চুক্তিভিক্তিক নিয়োগের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী, জনপ্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন ১৭৫ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন। যেসব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তারা রয়েছেন সেসব পদ হচ্ছে সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব বা সমমর্যাদার পদে।
অতীতে জনপ্রশাসনসহ সরকারের বিভিন্ন কারিগরি ও বিশেষায়িত পদে মোট পদের ১০ শতাংশ পদে রাষ্ট্রপতির কোটায় চুক্তিভিক্তিক নিয়োগের বিধান ছিল। কিন্তু ২০০১ সালের ১০ অক্টোবর ক্ষমতা গ্রহণকারী বিএনপি-জায়ামাত জোট সরকার ওই বিধান বাতিল করে। তখন যে নিয়ম করা হয় তাতে সরকার যত প্রয়োজন মনে করবে তত জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। এক্ষেত্রে চুক্তিভিক্তিক নিয়োগে বিশেষায়িত বা কারিগরি পদের শর্তও বাদ দেয়া হয়। ফলে সাধারণ পদগুলোতেও এ ধরনের নিয়োগের অবাধ সুযোগ তৈরি হয়। অভিযোগ রয়েছে, এ ধরনের নিয়ম করায় যখন যে সরকার আসছে সে সরকার বা সরকারের কাছাকাছি থাকা বিশেষ পদধারীরা তাদের পছন্দের কর্মকর্তাকে বার বার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার সুযোগ পাচ্ছে। এতে প্রশাসন বা সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রজাতন্ত্রের পরিবর্তে ‘রাজনৈতিকভাবে’ অনুগত কর্মকর্তার সংখ্যা বাড়ছে। এ ধরনের কর্মকর্তাদের বেশিরভাগই দলীয় রাজনৈতিক আনুগত্য প্রকাশেই বেশি ব্যস্ত থাকেন-যতটা না দরকারী কাজে থাকেন। এমন মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিএনপি আমলে জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মকর্তার সর্বশেষ সংখ্যা ২৪৫ জন। রেকর্ড ভঙ্গ করে একই কর্মকর্তাকে চার দফা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার নজিরও প্রথমবারের মতো তৈরি হয় সে সময়। তখন ৪৭টি মন্ত্রণালয় ও বিভাগে ৪৭টি সচিব পদের মধ্যে ৩৫টিতেই চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। তখন ওএসডি ছিল ১২৫৫ জন ( ২০০৬ সালের ২৮ অক্টোবর)।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী, এখন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নানা কারণে দাপ্তরিক কাজের বাইরে আছেন ৫৯৩ জন। সচিব থেকে শুরু করে নিচে সিনিয়র সহকারী সচিব রয়েছেন এর মধ্যে। এরকম বাস্তবতায় নিম্নপদে কর্মরত কর্মকর্তারাও ক্ষুব্ধ এবং হতাশ। একই অবস্থা যারা ওএসডি আছেন তাদের। এর সার্বিক প্রতিক্রিয়া পড়ছে সরকারের ওপর। অন্যদিকে ১৭৫ জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ায় এসব পদে বসে থাকা কর্মকর্তাদের নিয়োগ-পদোন্নতি দেয়া সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে সবসময়ই চুক্তিভিত্তিক নিয়োগ না করার দাবি জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সমপ্রতি সংসদে প্রশ্ন-উত্তরে বলেন, কারিগরি ও বিশেষায়িত পদে চুক্তিভিত্তিক নিয়োগ অব্যাহত থাকবে।
এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান ইত্তেফাককে বলেন, কারিগরি ও বিশেষায়িত পদে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় নিয়োগের বিধান রাখা হয়েছিল। এর কারণ সম্ভবত সব সময় এ ধরনের পদে যোগ্য লোক পাওয়া যায় না। কিন্তু এখন যেটা হয় তা হল নিজেদের অনুগত পছন্দের লোকজনকে বছরের পর বছর চুক্তিভিক্তিক নিয়োগ দিয়ে বসিয়ে রাখা। এতে প্রশাসনে বিরূপ প্রভাব অনিবার্য হয়ে পড়তে পারে, বিশেষ করে যখন অনেক যোগ্য লোককে পদায়ন করা যায় না। তিনি বলেন, চুক্তিভিক্তিক নিয়োগের প্রবণতা ৯০ দশকের পর থেকে বেড়েই চলেছে।