ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার কবির কৈশোর স্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে কবির ১১৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার সমাপনী দিনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ত্রিশাল ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করে। এছাড়া নজরুল একাডেমী মাঠে নজরুল গ্রামীণমেলা এবং নজরুল কলেজ মাঠে ফার্নিচার মেলার আয়োজন করা হয়। এতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড় । মেলায় মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট রেজা আলী, গফরগাঁওয়ের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দীন আহমেদ, ত্রিশাল উপজেলার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, ত্রিশাল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবিএম আনিছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এড. জিয়াউল হক সবুজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তব্য প্রদান করেন নজরুল বিশেষজ্ঞ ড. হায়াত্ মামুদ। উপজেলার হরিরামপুর গ্রামের গৃহবধূ তানিয়া আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, প্রতিবছর ত্রিশালবাসী এই মেলার অপেক্ষায় থাকে । ব্যবসায়ী মজিব, শামীম, কবির প্রমুখ জানান, এবারের মেলায় বেচাবিক্রি সন্তোষজনক।