দৌলতপুর সীমান্তে নদীপাড় থেকে জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২২:৫৭
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মাথাভাঙ্গা নদীর পাড় থেকে হারেজউদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি জয়পুর গ্রামের সুন্নত আলীর ছেলে। তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেয়া হয়েছে। বিজিবি ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ৮টার দিকে হারেজউদ্দিন মাথাভাঙ্গা নদীতে মাছ ধরছিলেন। ১৫৭/১ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মাথাভাঙ্গা নদীতে কয়েকজন জেলে মাছ ধরছিল। এসময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা হারেজ উদ্দিনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে আটকে রাখে। সোমবার দুপুরে বিজিবি ৩২ ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর ক্যাম্পের কমান্ডার আবু বক্কর প্রতিবাদ জানিয়ে অপহূত বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিয়েছে।