ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২৮ মে ২০১৩, ১৮:০৯
চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়
এস প্রকাশ পাল
ছোটবেলা থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকলেও জেএসসি পরীক্ষার ফলাফলে সেই আগ্রহ যেন অনেকটাই কমে যায়। জেএসসিতে ৩ দশমিক ৫ পয়েন্ট পেয়ে বাণিজ্য নিয়ে পড়াটাই ঠিক মনে করলো সে। কিন্তু কে জানতো, সেই বাণিজ্যই শাপে বর হবে তার জন্য! নির্বাচনী পরীক্ষায় স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছিল, এসএসসির ফলাফলে এলো জিপিএ-৫, সবমিলিয়ে কলেজিয়েটের ছাত্র আবদুল্ল¬াহ আবু সায়ীদ (সা’দ) এর ঝুলিতে এখন শুধুই সাফল্যের পদক। তার বাবা চট্টগ্রামের বোয়ালখালীর খরনদ্বীপ ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জেলা প্রশাসনে কর্মরত আর মা মনোয়ারা বেগম একজন সুগৃহিণী। দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় সায়ীদ পড়াশোনা করতো নিয়মমাফিক। মা মনোয়ারা বেগম বলেন, ‘ওকে পড়ার জন্য কখনোই বলতে হত না। নিজের তাগিদেই পড়তে বসতো।’
বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
সমপ্রতি অনুষ্ঠিত হলো বরিশাল জেলার বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রহিমা খানমের বিদায় সংবর্ধনা। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা উপ-বৃত্তি অফিসার, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রমুখ। উল্লেখ্য, রহিমা খানম স্কুলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে ৩৭ বছর অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সহিত শিক্ষকতা সম্পন্ন করেন। সভাপতি মোঃ ইকবাল আজাদ স্কুলের পক্ষে রহিমা খানমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
সাভারের রানা প্লাজা ট্রাজেডির প্রতি সাড়া দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে। সমপ্রতি ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস. এম. ইকরামুল হক পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন সাভারের রানা প্লাজা’য় অবস্থিত গার্মেন্টস কর্মী মায়ানূর-এর স্বামীর হাতে ইউনিভার্সিটি ক্যাম্পাসে দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন। শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতাল ঘুরে রানা প্লাজা’য় আহত যারা এখনও তেমন সহায়তা পাননি এবং চিকিত্সার জন্য অর্থের প্রয়োজন রয়েছে তাদের সহযোগিতা করছে। ইউনিভার্সিটির রেজিস্ট্রার এস. এম. ইকরামুল বলেন, ‘নৈতিকতা ও মানবিকতার দিক দিয়ে ছাত্র সমাজ এখনও এগিয়ে রয়েছে। বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ছাত্র সমাজ। আজ আমি স্টামফোর্ডের শিক্ষার্থীদের এই কর্মকাণ্ডে অভিভূত।’
গ্রীন ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও কানাডিয়ান ইনষ্টিটিউট অব গ্লোবাল লার্নিং যৌথভাবে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের ভীতি দূর করার লক্ষ্যে সম্প্রতি ‘Speak English with Confidence’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। কানাডিয়ান বিশেষজ্ঞরা সরাসরি কর্মশালাটি পরিচালনা করে। গ্রীন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে। উপাচার্য প্রফেসর ড. মো: গোলাম সামদানী ফকির কর্মশালার উদ্বোধন করেন। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান রাশেদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এইচএসসি ও ‘এ’ লেভেল ফলপ্রার্থী শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতার পরিপূর্ণ বিকাশে সহায়তার জন্য চালু করেছে ‘স্কিলস ফর লাইফ’ কোর্স। আট সপ্তাহের এই ‘স্কিলস ফর লাইফ’ বা ‘জীবনের জন্য দক্ষতা’ কোর্সের অধীনে ঢাকাস্থ স্কুল ও কলেজের ফলপ্রার্থী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এই কোর্সের শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় বহন করছে ইউল্যাব। তরুণ সমাজকে সময়ের সাথে তাল মিলিয়ে উপযুক্ত শ্রেষ্ঠত্ব অর্জন এবং ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে আরোহণের জন্য একজন বলিষ্ঠ প্রতিযোগি করে গড়ে তোলাই হচ্ছে এই কোর্সটির অন্যতম উদ্দেশ্য। প্রতিবছর ১২০ জন শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।