জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নীল পানির সন্ধানে...
প্রকাশ : ২৮ মে ২০১৩, ১৮:১০
গ্রীষ্মের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হয়েছে। সবাই তখন নাড়ীর টানে বাড়ির পানে ছুটছে। বন্ধু মোজাম্মেল হোসেনকে আমরা আদর করে ‘মোজা’ বলে ডাকি। বিকেলে ফোন দিয়ে বলল, রাতে উত্তরা চলে আয় আমরা ফ্রেন্ডরা মিলে কাল বিরিশিরি যাব নীল পানি দেখতে। বাসের টিকিট বিকেলেই বুকিং দেয়া হয়েছে। বাসের নাম বিরিশিরি এক্সপ্রেস। ধানখেত মাড়িয়ে, সরিষাখেত ছাড়িয়ে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে এমন সময় আমরা পৌঁছালাম চিনামাটির পাহাড়ে।
প্রকৃতি এখানে আপন হাতে সাজিয়েছে তার পাহাড়গুলোকে। ছোট ছোট লতাগুল্মের গা মাড়িয়ে উঠতে হয় সেই পাহাড়ের চূড়ায়, তবেই নাকি দেখা মেলে এক আশ্চর্য সুবজ হ্রদের, যার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে গোলাপি পাহাড়টা। দুই চোখে লোভ আর লালসা নিয়ে হাঁপাতে হাঁপাতে উঠে পড়ি সেই পাহাড়ের চূড়ায়। যত দূর চোখ যায় পুরোটাই সমতল। একটু দূরেই ভারতের বিশাল বিশাল পাহাড়গুলো ঘিরে রেখেছে বিরিশিরির দুর্গাপুরের এই চিনামাটির পাহাড়টাকে। পাহাড়ের ওপর থেকেই পুরো বিরিশিরি একবারে দেখা যায়, ঢাল বেয়ে নিচে নামতেই পাহাড়ের খাঁজ বেয়ে ধীরে ধীরে চোখের আঙিনায় আলো ফেলে সবুজ হ্রদের পানি। ধবধবে সবুজ এই পানি এতটাই স্বচ্ছ যে তার নিচের সাদা চুনাপাথরের মেঝেটাও স্পষ্ট দেখা যায় সবুজ হ্রদের ঠিক গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে গোলাপি পাহাড়। দেয়ালজুড়ে চুনাপাথরের প্রতিটি কণায় গোলাপি আভা। গোলাপি এই পাহাড় মিশে গেছে একেবারে সবুজ হ্রদের তলদেশ পর্যন্ত, সবুজ আর গোলাপি রং মিলে পানির নিচে তৈরি করেছে আশ্চর্য সুন্দর এক জগত্। এই সৌন্দর্য দেখার জন্য মাছ বা অন্য কোনো প্রাণি দেখতে পেলাম না পানিতে, সম্ভবত চুনাপাথরের পানিতে রাসায়নিক বিক্রিয়াজনিত কারণে কোনো প্রাণি বাঁচতে পারে না। আমাদের দুর্ভাগ্য যে, আমরা পরিপূর্ণ নীল পানি দেখতে পেলাম না।