শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

গবেষণায় ডিজিটাল আর্কাইভ

শিক্ষার্থীদের কষ্ট ও পরিশ্রম লাঘব এবং স্বল্প সময়ে কাজ সম্পন্ন এবং গবেষণায় গতিশীলতার লক্ষ্যে কৃষি গবেষণায়ও ডিজিটাল আর্কাইভ চালু করা হয়েছে। এখন আর শিক্ষার্থীদের এক লাইব্রেরি থেকে অন্য লাইব্রেরিতে দৌড়িয়ে সময় নষ্ট করতে হবে না। হতে হবে না কোন হয়রানির সম্মুখীন। ঘরে বসেই শিক্ষার্থীরা করতে পারবে গবেষণার কাজের অনেকাংশ। দেখতে পাবে বিগতদিনের গবেষণার কাজ। সংগ্রহ করতে পারবে নানা ধরনের তথ্য। সৃষ্টি করতে পারবে নতুন নতুন গবেষণা। কৃষি শিক্ষায় মাস্টার্স, পিএইচডি গবেষণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা পাচ্ছেন এ ধরনের সুযোগ-সুবিধা। আর এগুলো কাজ সম্ভব হবে ডিজিটাল আর্কাইভ-এর www.daatj.net ওয়েবসাইট ভিজিট করে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ইউজিসি-এর হেকেপ-এর প্রকল্প হিসেবে কৃষি গবেষণায় দেশের প্রথম ডিজিটাল আর্কাইভ চালু করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি এক্সটেনশন এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সিকান্দার আলী। এছাড়া এ কাজে আরো সহযোগিতা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম জাহিদুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ গোলাম ফারুক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোঃ আবির রহমান। প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোঃ সিকান্দার আলী জানান, এ আর্কাইভের মাধ্যমে কোন নকল হওয়ার সম্ভাবনা নেই। বরং নকল রোধ হবে বলে আশা করেন তিনি। তিনি আরো জানান, এখন পর্যন্ত কৃষি সম্পর্কিত মোট ৮ হাজার থিসিস-এর তথ্য সংযুক্ত করা হয়েছে। যার ৩ হাজার ২৯০টির লিংক দেয়া হয়েছে ওয়েব পেজে। দেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় আর্কাইভ তাদের তথ্য সংযুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছেন। এ পর্যন্ত তিনটি বিশ্ববিদ্যালয়ের থিসিস এবং জার্নাল সংযুক্ত করা হয়েছে।