শৈশব-কৈশোরেও নির্ভীক ছিলেন তিনি
প্রকাশ : ২৮ মে ২০১৩, ১৮:১৩
গ্রাম-বাংলার আর দু’দশটি গ্রামের মতোই ছিলো তাঁদের গ্রাম। প্রকৃতির শ্যামল ছায়ায় ঘেরা এ গ্রামেই তিনি শৈশব ও কৈশোরের স্মৃতিমাখা দিনগুলো কাটান। বাড়িভর্তি ছিলো তাঁর বয়সী অনেক ছেলে-মেয়ে। চাচাতো, মামাতো ও ফুফাতো ভাইদের সঙ্গে খেলাধুলা, বনভোজন এবং পাখিপোষা নিয়ে সব সময় মেতে থাকতেন। আবার হৈ-চৈ করে আম-জাম-নারকেল ও পানিতালা পেরে খাওয়া ছিলো নিত্য-নৈমিত্তিক ঘটনা। ছোটদের দলের তিনিই ছিলেন সর্দার। ঝগড়াঝাটি হলে মীমাংসা করে দিতেন বিজ্ঞের মতো।
বর্ষার আগমনে ডুবে যেতো মাঠ-ঘাট। জল থইথই করতো বিল-ঝিল। অন্যদের সাথে তিনিও নৌকায় উঠে যেতেন। নৌকো চালিয়ে ঘুরে বেড়াতেন আশেপাশে। আবার মাছ ধরারও শখ ছিলো খুব। কার্তিকে জল নেমে গেলে বন্ধুদের সঙ্গে মাছ ধরার পাল্লা দিতেন। গ্রামের বালকদের নিয়ে একবার তিনি একটি ক্ষুদে বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর লড়াই লড়াই খেলা বেশ জমে উঠতো। খুব আনন্দ পেতেন খেলা দেখে। একবার হলো কি, গ্রামের ছেলেদের নিয়ে “নওজোয়ান সমিতি” গঠন করলেন। সমিতির উদ্যোগে প্রায়ই গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। নাটক মঞ্চায়ন চলতো। একবার তিনি এক অনুষ্ঠানে পড়ে ফেললেন নিজের লেখা প্রবন্ধ “জাগরণ”। তখন তিনি সুশ্রী ও উন্নত স্বাস্থ্যের অধিকারী এক কিশোর।
ছেলেবেলার দিনগুলোর কথা কখনো ভোলা যায় না। জীবন সায়াহ্নেও ছেলেবেলার স্মৃতি মনকে প্রবলভাবে নাড়া দেয়। শৈশব ও কৈশোরই জীবনের ভিত রচনা করে। এই ছেলেটি শৈশব থেকেই ছিলেন জেদি ও দৃঢ়চেতা। নিজে কখনো মিথ্যে কথা বলতেন না এবং মিথ্যে বলা সহ্য করতেন না। অন্যায় দেখলেই ক্ষেপে যেতেন, ক্ষুব্ধ হতেন এবং সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন। নিজের সিদ্ধান্তে থাকতেন অনড় ও অটল। অসীম সাহস রাখতেন বুকে, নির্ভীক ছিলেন সেই শৈশব ও কৈশোরেও।
হ্যাঁ, এই ছেলেটিই হলেন সংবাদপত্র জগতের প্রবাদ পুরুষ তফাজ্জল হোসেন মানিক মিয়া। সাংবাদিকতা, রাজনীতি তথা গণজীবনের সাথে নিজেকে মুক্ত করে আজো তিনি অবিস্মরণীয় হয়ে আছেন আমাদের হূদয়ে। তফাজ্জল হোসেন মানিক মিয়া ১৯১১ খ্রিস্টাব্দে বৃহত্তর বরিশাল- বর্তমান পিরোজপুর জেলাধীন ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া গ্রামের মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোসলেম মিয়া। এই মিয়া পরিবারের আদি নিবাস ছিলো ফরিদপুরে। পরবর্তীকালে এই পরিবারটি ভাণ্ডারিয়ায় চলে আসেন। ঐতিহ্যবাহী এই পরিবারটি বংশানুক্রমে গোটা অঞ্চলের সকলের কাছে ছিলো মর্যাদাপূর্ণ। খুব অল্প বয়সেই মানিক মিয়ার মা মারা যান। দাদা-দাদী এবং চাচা-চাচীর পরম স্নেহে তিনি বড়ো হতে থাকেন। জন্মগ্রহণের সময় তার দাদী নাতির সুন্দর চেহারা দেখে বলে উঠেছিলেন, ‘মানিক আমার ঘর আলো করতে এসেছে।’ এরপর থেকে বাড়ির সকলে তাকে মানিক বলে ডাকতে শুরু করেছিলেন। “তখন কে জানতো এই মানিকই একদিন সারা বাংলার মানিক হবে”।
তার শিক্ষাজীবন শুরু হয় গ্রামেরই প্রাইমারী স্কুলে। তার জনৈক শিক্ষক তাকে ডাকতেন “সাত রাজার ধন এক মানিক বলে।” এরপর তিনি ভর্তি হন পূর্ব ভাণ্ডারিয়া মডেল স্কুলে। স্কুলে তিনি খুব একটা পড়াশোনা করতেন না। কিন্তু ফাইনাল পরীক্ষায় তিনি বরাবর প্রথম স্থান অধিকার করতেন। স্কুলে পড়ার সময় ফুটবল খেলার প্রতি আকর্ষণ জন্মে। নিজে একটি ফুটবল দল গঠন করেন। এরপর তিনি পিরোজপুর সরকারি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন এবং এই স্কুল থেকেই এন্ট্রাস পাস করে ভর্তি হন বরিশাল বিএম কলেজে। অতঃপর বিএম কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পাস করেন।
পড়াশোনা শেষ করে তিনি প্রথমে পিরোজপুর সিভিল কোর্টে চাকরিতে যোগদান করেন। এ সময়ই তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতা থেকে সোহরাওয়ার্দীর উদ্যোগে দৈনিক ইত্তেহাদ প্রকাশিত হয়। মানিক মিয়া দৈনিক ইত্তেহাদের পরিচালনা বিভাগে যোগদান করেন।
১৯৪৯ খ্রিস্টাব্দে ঢাকা হতে সাপ্তাহিক ইত্তেফাক প্রকাশিত হয়। ১৯৫১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট থেকে মানিক মিয়া ইত্তেফাকের সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। মহান ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনপরবর্তী সময়ে তার কলামের জন্য ইত্তেফাক অস্বাভাবিক জনপ্রিয়তা লাভ করে এবং ইত্তেফাকের প্রচার সবাইকে ছাড়িয়ে যায়। তখন তিনি সাপ্তাহিক ইত্তেফাককে দৈনিকে রূপান্তরিত করেন। দৈনিক ইত্তেফাকের নির্ভীক সম্পাদক ও গণতান্ত্রিক আন্দোলনের মশালবাহী অগ্রদূত। ছোটদের তিনি ভীষণ ভালোবাসতেন, দৈনিক ইত্তেফাকের পাতায় কচি-কাঁচার আসরের বরাদ্দ তার প্রমাণ। কবি-কাঁচার মেলারও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক।
তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন একজন খাঁটি বাঙালি ও অসাম্প্রদায়িক ব্যক্তি। রবীন্দ্রসংগীত নিষিদ্ধ হলে তিনি এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা হলে তিনি দাদাভাইকে পাঠিয়ে অধ্যাপক অজিত গুহকে ইত্তেফাক ভবনে নিয়ে আসেন। এ সময় দৈনিক ইত্তেফাক কাপ্তান বাহারের অবাঙালিদের দ্বারা আক্রান্ত হয়; কিন্তু তার নির্ভীকচিত্ত একটু টলেনি। তার দৃঢ়তার নিকট হার মেনে অস্ত্রধারী ঐ দলটি ফিরে যেতে বাধ্য হয়।
মানিক মিয়া ছিলেন সত্, সাহসী, নির্ভীক ও সত্যভাষী সাংবাদিক। মোসাফিরের “রাজনৈতিক মঞ্চ”-এর কথা এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। সারা জীবন গোঁড়ামি, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কলাম লিখেছেন সত্য, সুন্দর ও কল্যাণের সপক্ষে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে লিখেছেন: সারাটা জীবন আমরা দু’ভাই একসাথে জনগণের অধিকার অর্জনের সংগ্রাম করেছি।... আমি কাজ করেছি মাঠে-ময়দানে, আর মানিক ভাই তার ক্ষুরধার লেখনীর সাহায্যে। আবুল মনসুর আহমদ লিখেছেন: ইত্তেফাকের উপর আইয়ুব শাহী জুলুমের নজির দ্বিতীয়টি নাই। বস্তুত জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে মানিক মিয়ার ত্যাগ ব্যাপকতায়, সামগ্রিকতায় ও মহিমা-মর্যাদায় আমাদের উপরে। শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবুল ফজল লিখেছেন: বিপদের মুখে তার কলম যেন ক্ষুরধার হয়ে উঠতো। বিপদের মোকাবিলা করে তিনি আনন্দ পেতেন। হয়ে উঠতেন অধিকতর দুঃসাহসী, তার সংগ্রামী চেতনা যেন আরো প্রদীপ্ত হয়ে উঠতো।
তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন এদেশের কৃতী সন্তান। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে তার অসাধারণ ভূমিকা ঐতিহাসিক ও অবিস্মরণীয়। ঢাকার সবচে’ বড়ো সড়কটির নাম মানিক মিয়া এ্যাভেনিউ। ১৯৬৯ খ্রিস্টাব্দের ১লা জুন শনিবার রাত ১২টা ৪০ মিনিটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তিনি মৃত্যুবরণ করেন। আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।