আমার কথা

আলম তালুকদার

আমার লেখালেখির ব্যাপারটা কীভাবে শুরু হয়েছিল? নিজের কাছে নিজের প্রশ্ন স্মৃতির জানালায় উঁকি দিয়ে দেখি তেমন কোনো প্রস্তুতি ছাড়াই আমি আগে পড়া, তারপর লেখা শুরু করেছিলাম। পাঠ্য বইয়ের কবিতা মুখস্থ ছিল বাধ্যতামূলক। প্রতি ক্লাসে ৪/৫টা ছড়া-কবিতাতো মুখস্থ করতেই হতো। এই মুখস্থ করতে করতেই হয়তো মনের ভেতরে ভাব এসে ছিলো। সহজ সরল শব্দ। মনে ভাব আসে, তাইতো অমন শব্দ দিয়েতো আমিও কবিতা লিখতে পারি। হয়তো এইভাবেই শুরু হয়ে থাকবে। তাছাড়া আমাদের পরিবারে কোনো কবি-সাহিত্যিকের হদিস পাওয়া যায় না। তবে আমার বাবা খুব গান পছন্দ করতেন। কলের গান শুনতেন, হারমোনিয়াম কিনে গান চর্চা করতেন। প্রচুর সিনেমাও দেখতেন। বাবার রক্তধারা থাকলেও থাকতে পারে। আমার গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯১২ সনে। উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে। বিচিত্রা অনুষ্ঠান, নাটক, যাত্রা, ম্যাজিক শো প্রতিবছর আমরা উপভোগ করার সুযোগ পেয়েছি। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় নিজেরাও নাটক করেছি। দেয়াল পত্রিকাও বের হতো। আমাদের বড়রা গান-বাজনায় সমজদার ছিল। খেলাধুার দিকে প্রচণ্ড ঝোঁক ছিল। একটা সাংস্কৃতিক আবহ বিরাজমান ছিল। যতদূর মনে পড়ে আমার প্রথম লেখা দেয়াল পত্রিকায় প্রথম লিপিবদ্ধ ছাপানো ছড়া। তারপর গান রচনা। আমাদের সমবয়সীদের একটা আড্ডা হতো। ঐ আড্ডাতেই প্রথম গান রচনা। আর বই পড়ার একটা চমত্কার পরিবেশ বিরাজমান ছিল। ‘কালো ভ্রমর’, ‘দস্যু বনহুর’ ইত্যাদি ফিকশনের ভক্ত-অনুরক্ত পাঠক ছিলাম। ছড়া আমার প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৮ সালে পাক্ষিক প্রতিরোধ পত্রিকায়। ছড়াটির নাম ‘ছাগল’। ঐ ছাগল লেখা ছাপানো হবার পরে আমার ভিতরে যে কী আনন্দ সাগর-উতাল-পাথাল শুরু হলো যা আজো কমেনি। লেখা ছাপা হলেই ভিতরে আনন্দ কাঁপাকাঁপি শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণে এই ছড়া-কবিতার একটা সামান্য হলেও ভূমিকা ছিল। কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক ছড়া-কবিতা, সুকান্ত ভট্টচার্যের ছাড়পত্র এইসব আমার ভিতরে টগবগ করতো আর কি! তারপর ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধু রাজনৈতিক কবিতায় অনুপ্রাণিত হয়েতো যুদ্ধে চইল্যা গেলাম। আমার প্রথম প্রকাশিত ছড়া বইয়ের নাম ‘ঘুম তাড়ানো ছড়া’ হাশেম খানের প্রচ্ছদ ও অলংকরণে ঐ ছড়ার বই প্রকাশিত হবার পর আমি আরো প্রকাশিত উন্মোচিত হতে থাকি। দ্বিতীয় ছড়ার বই ‘খোঁচান ক্যান’, এটা শিল্পী রফিকুন নবী রনবী। ১৯৮২ সালে আমার বইয়ের আলোচনা ইত্তেফাকসহ প্রায় সকল জাতীয় পত্রিকায় প্রচ্ছদসহ প্রকাশিত হয়। আমারতো মনে হয় প্রথম বই প্রথম সন্তানের মতো। আমার ১০০টি বই প্রকাশিত হয়ে গেছে। লেখালেখি নিজের আনন্দের জন্য। আমাকে কেউতো লিখতে বাধ্য করেনি। যেমন পাখি গান গায়, কুকুর ঘেউ ঘেউ করে, মুরগি ডিম দিয়ে কক কক আওয়াজ তোলে। আমিও তেমনি লেখি আনন্দে পড়ি, বসে পড়ি, থেমে পড়ি, পড়তে পড়তে ঘুমিয়েও পড়ি। আমার কথা ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’, ‘বন্ধু খোঁজেন বন্ধু পাবে কই, বন্ধু শুধু হতে পারে একটা ভালো বই। আর লেখালেখির মাধ্যম হলো শব্দ। ‘শব্দ ছাড়া হয় না কিছু শব্দ হলো গুণ, শব্দে জাগায় ভালোবাসা শব্দে করে খুন’। কচি-কাঁচার সুন্দর মনের পাঠকদের প্রতি অনুরোধ কাগজ কলম মন লিখে তিনজন। আপন চেয়ে পর ভালো নয়, বই ভালো। শুধু বই ভালো নয় লেখা বা দেখা ভালো আবার শোনাও ভালো।