পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদনে শেয়ারবাজারের সূচক ও লেনদেন বেড়েছে

মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে প্রায় ১৩শ’ কোটি টাকা পুনঃঅর্থায়ন সুবিধা দেয়ার সিদ্ধান্তে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। গতকাল মঙ্গলবার শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। জানা গেছে, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউজগুলোকে প্রায় ১৩শ’ কোটি টাকার পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ তহবিল থেকে ১০ শতাংশ সুদে ঋণ পাবে। আর ঋণের অর্থ পরিশোধে সময় পাবে ৩ বছর। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে ঋণ দেয়ার জন্য পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮১ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭ কোটি ৯১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৫০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়নের তহবিল অনুমোদন করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সাথে ডিএসই ও সিএসই’র বৈঠককে কেন্দ্র করেও বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ফলে বেড়েছে বাজারের লেনদেন। গতকাল বাজারে মিউচুয়াল ফান্ডের দামে কিছুটা ইতিবাচক ধারা দেখা গেছে। এছাড়া দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি খাত।