মিয়ানমারে জাতিবিদ্বেষ

কোনো দেশ তাহার জনসংখ্যা নিয়ন্ত্রণে নিজস্ব নিয়মনীতি বা আইন তৈয়ার করিতেই পারেন। বিশ্ব যখন জনসংখ্যার ভারে ন্যূব্জ তখন তৃতীয় বিশ্বের সিংহভাগ রাষ্ট্রই তাহার জনসংখ্যার রাশ টানিতে নানা প্রকার উপায় ও চেষ্টাচরিত্রও করিয়া থাকে। ইহাতে দোষের কিছু নাই। কারণ এ সকল নীতি বা নিয়ম বা আইন তৈয়ার করাই হয় সকলের জন্য সমমাত্রিকরূপে। রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ও উন্নতিকল্পে তাহা লইয়া প্রশ্ন তুলিবার অবকাশ নাই। কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের নিয়মটি যদি হয় একতরফা এবং ভয়ানক জাতিগত বিদ্বেষপ্রসূত, তাহা হইলে তাহা গভীর উদ্বেগের বিষয়রূপেই পরিগণিত হইবে। আমাদের দক্ষিণ-পূর্বের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার ঠিক এইরূপ কাণ্ডই করিয়াছে, যাহাতে মানবতার লংঘন প্রকট হইয়া ওঠে। কারণ সম্প্রতি মিয়ানমার রোহিঙ্গা সম্প্রদায়ের ভেতরে এই নিয়ম চালু করিয়াছে যে, কোনো রোহিঙ্গা দম্পতি দুইটির অধিক সন্তান জন্ম দিতে পারিবেন না, পারিবেন না বহুবিবাহ করিতেও। এই রীতি চালু করা হইয়াছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি দুটি প্রদেশ বুথিডউং ও মাউনডাউয়ে, যেখানকার ৯৫ শতাংশ অধিবাসীই মুসলমান। মিয়ানমার যেন জাতিবিদ্বেষ প্রদর্শনের নূতন নূতন উপায় উদ্ভাবন করিতে ব্যগ্র হইয়া উঠিয়াছে। আমরা অত্যন্ত পরিতাপের সহিত দেখিতে পাইয়াছি, মিয়ানমার সরকার এই দুই সন্তান-নীতি সকলের জন্য করে নাই। করিয়াছে শুধুমাত্র রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য। কারণ তাহারা মুসলমান। এই আইন প্রণয়নের যুক্তি বা শাসকদের ন্যায়পরায়ণতা প্রমাণের বক্তব্যও কম হাস্যস্পদ নহে। তাহাদের বক্তব্য রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এই দুই সন্তান নীতি মিয়ানমারের জাতিগত দাঙ্গা দমন করিতে সহায়তা করিবে। কারণ, তাহাদের জনসংখ্যা বৃদ্ধির হার নাকি স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠী অপেক্ষা ১০ গুণ বেশি! এ কারণে শুধু দুই সন্তান নীতি নহে, তাহাদের ভেতরে বহুবিবাহও নিষিদ্ধ করা হইয়াছে। কেহ দুটির অধিক সন্তান লইতে চাহিলে অথবা একাধিক বিবাহ করিবার প্রয়োজন হইলে কর্তৃপক্ষের নিকট যাইতে হইবে। অর্থাত্ সর্বৈবভাবে ইহা মানুষের ব্যক্তিগত স্বাধীনতার উপর অমানবিক হস্তক্ষেপ—যাহা কোনো সুস্থ রীতিনীতির রাষ্ট্র একতরফাভাবে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর উপর চাপাইয়া দিতে পারে না। ইহা মনুষ্যজাতির জন্য নিদারুণ মর্মপীড়ার। মনুষ্যত্বের ন্যূনতম বোধও ইহাতে লজ্জাবনত হয় । এক্ষণে প্রশ্ন হইলো, এইভাবে কি দাঙ্গা নিয়ন্ত্রণ করিতে পারিবে মিয়ানমার? ইহার নঞর্থক উত্তর খুব নিবিড় গবেষণা করিয়া খুঁজিয়া বাহির করিতে হয় না। বরং আমরা মনে করি কোনো স্থানে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি নিরন্তর নানারূপ নিপীড়ন-দমন ও বিদ্বেষপূর্ণ আচরণ অব্যাহত রাখিলে সেখানে এক সময় শান্তির পায়রা চিরতরেই নীড়ত্যাগ করিতে বাধ্য হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি যেই বীতশ্রদ্ধ মনোভাব ও অন্তহীন আক্রোশ দেশটির চালকেরা বহন করিতেছেন, তাহার বিপরীত আচরণই অতি সহজেই শান্তি আনিতে পারিত মিয়ানমারের দাঙ্গাপীড়িত ভূখণ্ডে। অথচ ইহার বিপরীতে বিশ্ববাসী দেখিয়াছে রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্বের ন্যূনতম অধিকারটুকু কাড়িয়া লইতে খড়্গহস্ত হইয়াছে মিয়ানমার। শতকের পর শতক ধরিয়া মিয়ানমারের মুসলমান জনগোষ্ঠী বসবাস করিয়া আসিলেও তাহাদের নিজভূমে পরবাসী করিবার সকল বন্দোবস্ত করিয়া আসিতেছে মিয়ানমার। ‘বহুত্ববাদ জগতের পরম সৌন্দর্যেরই মূলসূত্র’—যাহারা ইহা ভুলিয়া শুধুমাত্র সামান্য উছিলায় সংখ্যালঘু সম্প্রদায়কে বিতাড়িত করিতে সর্বপ্রকার প্রচেষ্টা অব্যাহত রাখে, তাহাদের মানসিকতা বিশ্ববাসীর কাছে গুহাযুগের সমান্তরালে প্রতিভাত করে। তবে একটু বিলম্বে হইলেও দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি’র কিঞ্চিত্ বোধোদয় হইয়াছে। তিনি বলিয়াছেন, রোহিঙ্গাদের সর্বোচ্চ দুটি সন্তান লইবার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা আরোপ করা হইয়াছে, তাহা মানবাধিকারের পরিপন্থি। রোহিঙ্গাদের যাবতীয় মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে তাহার নীরবতার বরফে এইবার উষ্ণতা আসুক। শান্তির নোবেল জয়ী নেত্রীর কাছে বিশ্ববাসীর প্রত্যাশা সামান্য নহে।