আলোকপাত

রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজন সদিচ্ছা ও সচেতনতা

বাংলাদেশে প্রায় শতকরা ২০ ভাগ প্রাপ্তবয়স্ক এবং শতকরা ৪০-৬৫ ভাগ বয়োজ্যেষ্ঠ মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগে থাকেন। এ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সিস্টলিক এবং ডায়াসটলিক রক্তচাপ ১৪০/৯০ মি.মি. মারকারির চেয়ে বেশি হলেই আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। শতকরা ৯০-৯৫ ভাগ উচ্চ রক্তচাপই হচ্ছে প্রাইমারি হাইপাটেনশন, যার জন্য কোন অসুখ দায়ী নয় এবং শতকরা ৫-১০ ভাগ হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যার কারণ হিসেবে কোন না কোন অসুখকে দায়ী করা হয়। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এমন একটি অসুখ যা অনিয়ন্ত্রিত থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। মাথাব্যথা, মাথা ঘুরানো, চোখে ঝাপসা দেখা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে উচ্চ রক্তচাপের ফলে । তবে অনেকের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ নাও থাকতে পারে। এ ধরনের রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ মারাত্মক ঝুঁকিপূর্ণ। কোন কিছু বুঝার আগেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে। এজন্য উচ্চ রক্তচাপকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলে আখ্যায়িত করা হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের রক্তচাপ বাড়তে থাকে। এতে পরিবেশ, খাবার এবং মানুষের জিন সম্পর্কিত কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা চর্বিযুক্ত খাবার গ্রহণ ও অলস জীবনযাপন করেন তাদের রক্তচাপ বেড়ে যেতে পারে। তবে কারণ যা-ই হোক না কেন সাবধানতা, সচেতনতা এবং স্বাভাবিক জীবনযাপন করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শরীরের ওজনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা বাঞ্ছনীয়। অতিরিক্ত ওজন শুধু রক্তচাপই বাড়ায় না, ডায়াবেটিসসহ অনেক রোগেরও জন্ম দিতে পারে। ওজন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত বিভিন্ন ব্যায়াম অথবা হাঁটাহাঁটি করতে হবে। নিয়মিত হাঁটাহাঁটি করলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অনেক রোগই নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্যায়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং কিছু কিছু ক্যান্সারও প্রতিরোধ করতে সহায়তা করে। খাবারে অতিরিক্ত লবণ কোনভাবেই কাম্য নয়। কারণ লবণ মানবদেহে রক্তচাপ বাড়ায়। খাবারের তালিকায় চর্বিযুক্ত খাবার, গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি পরিহার করতে হবে। প্রচুর পরিমাণে শাক-সবজি এবং মৌসুমী ফল খেতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও অন্যান্য রোগ প্রতিরোধেও ফল এবং শাক-সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত উচ্চ রক্তচাপের রোগীরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম করলে উচ্চ রক্তচাপসহ অনেক রোগেরই প্রতিরোধ করা সম্ভব। ধূমপান, টেনশন ইত্যাদি উচ্চ রক্তচাপ বাড়ানোর নিয়ামক হিসেবে কাজ করে। এক্ষেত্রে ধূমপান পরিত্যাগ করা অত্যাবশ্যক। টেনশন উচ্চ রক্তচাপ ছাড়াও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের জন্মদাতা। তাই টেনশন পরিহার করুন। সবশেষে বলবো—হাসুন, বেশি করে হাসুন। একটু হাসি-খুশি, দুশ্চিন্তামুক্ত ও উচ্ছ্বসিত থাকলে অনেক রোগ থেকেই মুক্তি পাওয়া সম্ভব। হাসির রয়েছে হরেক রকমের শারীরিক, মানসিক ও সামাজিক উপকারিতা এবং পুরো ব্যাপারটির রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কর্টিসল, এডরিনালিন, ডোপামিন, গ্রোথ হরমোনের পরিমাণ কমে যাওয়ার ফলে মানসিক চাপ, অশান্তি ও যে কোন কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে হাসি সহযোগিতা করে, শরীরে রক্তের প্রবাহ ও অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে রক্তের চাপ কমায়, ফলে অনেক রকমের হূদরোগ থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই নিয়মিত ওষুধ খেতে হবে। তবে সব সময় সব ওষুধ সকলের জন্য একইভাবে কাজ না-ও করতে পারে। এটা মানুষের জিনের গঠনের ভিন্নতার জন্যই হয়ে থাকে। তাই নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপযুক্ত ওষুধ সেবন করলে অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। মনে রাখতে হবে, জীবন আপনার এবং আপনার সদিচ্ছাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সবিশেষ ভূমিকা পালনে সক্ষম। লেখক :অধ্যাপক, ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ই-মেইল: ahasnat99@yahoo.com