[ নি র্বা চ ন ]
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, না ভালো নির্বাচন—কোন্টা চাই?
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২০:৪৯
দেশের রাজনৈতিক পরিস্থিতির জটিলতা কাটছে না। রাজনীতির আকাশে যেন রৌদ্র-মেঘের খেলা চলছে। এই যদি রোদের হাসি দেখা যাবে বলে আশা জাগছে তো পর মুহূর্তেই লক্ষ্য করা যাচ্ছে কালোমেঘের আনাগোনা। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে সংলাপের সম্ভাবনা এই উজ্জ্বল হচ্ছে তো, আবার তা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। সরকারি দল সংলাপ প্রশ্নে বিরোধী দলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছে, আবার বিরোধী দল প্রশ্ন তুলছে সরকারি দলের আন্তরিকতা নিয়ে। সরকারের প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়ে পরের দিনই আবার হরতাল আহ্বান করায় বিরোধী দলের সমালোচনা করছে সরকার পক্ষ। আবার সরকার পক্ষ থেকে সংলাপ নিয়ে একেকজন একেক কথা বলায় বিরোধী দলও তাদের সমালোচনা করছে। কোনো পক্ষই ছেড়ে কথা বলছে না। কোনো পক্ষেরই সমাঝোতার মনোভাব দেখা যাচ্ছে না। পরস্পরকে দোষারোপ করে বক্তৃতা-বিবৃতি চলছেই। সরকার রাজপথে সভা-সমাবেশ করার অনুমতি না দিলেও ঘরোয়া সভা-সমাবেশে বাকযুদ্ধ অব্যাহত আছে। সরকার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে— এ অভিযোগ নানা মহল থেকে উঠছে কিন্তু কথা বলা কে বন্ধ রেখেছে, কোন্ কথাটা কে বলতে পারছে না—সাধারণ মানুষ সেটা বুঝতে পারছে না। রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে অনবরত কথার খই ফুটছে আর তা দেখে-শুনে আশ্বস্ত হওয়ার পরিবর্তে সাধারণ মানুষের উদ্বেগ-উত্কণ্ঠা বাড়ছে। রাজনৈতিক নেতাদের মুখ থেকে প্রতিদিন যেসব কথা উচ্চারিত হচ্ছে, সেগুলো সমস্যা সমাধানের পথ না দেখিয়ে জটিলতা বাড়াতেই সহায়তা করছে।
রাজনীতি এরমধ্যেই যথেষ্ট সংঘাতময় হয়ে উঠেছে। রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে গণতান্ত্রিক অধিকারের নামে দেশে যে ভয়াবহ সহিংসতা চালানো হচ্ছে কোনো গণতান্ত্রিক দেশেই তা বরদাশত করা হয় না। বিরোধী দল সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, সভা-সমাবেশ-মিছিল-বিক্ষোভ করবে— এটা দোষের কিছু নয়। কিন্তু আন্দোলনের নামে মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা, জীবন ও সম্পদ ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক অধিকার শুধু রাজনৈতিক দলের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও বটে। গত কয় মাসে দাবি আদায়ের নামে, সরকার বিরোধিতার নামে দেশজুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় তা কঠোর হাতে দমন করতে না পারাটা সরকারের ব্যর্থতা। যারা সব সময় পুলিশি অ্যাকশনের কিংবা পুলিশি কঠোরতার সমালোচনা করেন, তারা কেন রাজনৈতিক আন্দোলনের নামে যারা সহিংসতা চালায় তাদের বিরুদ্ধে কথা বলেন না? পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে বিদ্যুত্ কেন্দ্র জ্বালিয়ে দেয়া, রেললাইন উপড়ে ফেলা কিংবা রেলের বগিতে আগুন ধরিয়ে দেয়াকে গণতন্ত্রসম্মত কাজ বলে মেনে নেয়া হয়? হরতাল আহ্বান করা যদি কারো গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে, তবে সে আহ্বানে সাড়া দেয়া না দেয়াটাও আরেকজনের গণতান্ত্রিক অধিকার। হরতালের নামে যেভাবে জ্বালাও-পোড়াও চালানো হয়, নিরীহ মানুষের গাড়ি-সম্পদ ধ্বংস করা হয়, কোন দেশে এই বর্বর কাজকর্মকে ‘গণতন্ত্র’ বলে স্বীকার করে সরকার হাত গুটিয়ে চুপচাপ বসে থাকে?
সরকার অসহিষ্ণু হয়ে উঠছে, অগণতান্ত্রিক আচরণ করছে— এমন কথা আমরা অনেকেই বলছি। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হামলা-মামলা চলছে। এক মামলায় জামিন পেলে অন্য মামলায় জেল গেট থেকেই কাউকে কাউকে গ্রেফতার করা হচ্ছে। এভাবে বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন একমাত্র পুলিশি রাষ্ট্রেই হয়ে থাকে। গণতান্ত্রিক দেশে এভাবে চলে না। এ কথাগুলো বলতে ভালো, এমন ধারায় কথা বললে অনেকে হাততালি দেন, বাহবা দেন। প্রশ্ন হচ্ছে, বিরোধী দলের নেতারা কি একেবারেই নির্দোষ? যারা রাজনৈতিক কর্মসূচি ডেকে কিছু দুর্বৃত্তের হাতে ককটেল-পেট্রোল তুলে দিয়ে রাজপথে ভাঙচুর, জ্বালাও-পোড়াওয়ের জন্য নামিয়ে দেন, তাদের ‘নিয়ন্ত্রণ’ করা কি অন্যায়? সরকারের কাছে স্বৈরাচারী মনোভাব যেমন প্রত্যাশিত নয়, তেমনি বিরোধী দলের কাছেও স্বেচ্ছাচারিতা নিশ্চয়ই কাম্য হতে পারে না। আমাদের দেশে সরকারের বিরুদ্ধে থাকাটাই যেন গণতন্ত্রের পক্ষে থাকা। কিন্তু এ ধরনের একপেশে অবস্থান যে এক প্রকার হটকারিতার সামিল এটা আমরা প্রায়ই ভুলে থাকি। সরকারের ভুল আছে, ব্যর্থতা আছে, ক্ষেত্রবিশেষে বাড়াবাড়িও আছে। কিন্তু বিরোধী দল কি ধোয়া তুলসিপাতা? সরকারের বিরুদ্ধে যা বলার তা নিয়মতান্ত্রিক উপায়ে দেশের মানুষের কাছে বলতে হবে। নিজেদের বক্তব্যের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ উপায়ে সভা-সমাবেশ করতে হবে। সে ক্ষেত্রে সরকার বাধা দিলে সরকারের সে আচরণের সমালোচনা করা যেতে পারে। বিরোধী দলের অবস্থান যদি অযৌক্তিক হয়, শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটায়— তা-ও কি মেনে নিতে হবে?
গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন করা সম্ভব। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ক্ষমতায় আছে পাঁচ বছরের মেয়াদ শেষে নতুন নির্বাচনে দেশের মানুষ এই সরকারের পক্ষে ভোট না দিলে তাদের বিদায় ঘটবে। পরের নির্বাচনে যারা জয়লাভ করবেন, তারা সরকার গঠন করবেন। পাঁচ বছর মেয়াদে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলনের নামে দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে সরকার অবশ্যই তা কঠোর হাতে দমন করবে। কিন্তু আমরা কী লক্ষ্য করছি? বিরোধী দল মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য অস্থির হয়ে উঠেছে। দাবি মানার জন্য সরকারকে সময় বেঁধে দিচ্ছে। ওই সময়ের মধ্যে দাবি না মানলে সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের হুমকি দিয়ে, সহিংসতার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিরোধী দল নির্বাচিত সরকারকে গদি থেকে টেনে নামানোর জন্য জ্বালাও-পোড়াও করবে, ‘ষড়যন্ত্র’-চক্রান্ত করবে, আর সরকার তাদের সঙ্গে ‘সহনশীল’ আচরণ করবে, এটা অন্য কোনো গণতান্ত্রিক দেশেও কি বাস্তবে হয়ে থাকে? বর্তমান সরকার যদি খুবই অজনপ্রিয় হয়ে থাকে, সরকারের পায়ের নিচ থেকে যদি সত্যি মাটি সরে গিয়ে থাকে, তাহলে তো বিরোধী দলের জন্য পোয়াবারো। পরের নির্বাচনে তাদের ভাগ্যেই তো সিঁকে ছিঁড়বে। আর নির্বাচনেরও তো বেশিদিন বাকি নেই। মাত্র কয়েক মাস। তাহলে সরকারের এই শেষ সময়ে এসে বিরোধী দল দেশ ধ্বংসের রাজনীতি শুরু করেছে কেন? তাদের তর সইছে না কেন? নিজেদের ‘জনপ্রিয়তা’ নিয়েও তাদের সন্দেহ আছে কি?
বিরোধী দলের অভিযোগ, সরকার ক্ষমতায় ফিরে আসার পথ সুগম করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন নাকি অসম্ভব। কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তারা জানিয়ে আসছে এবং বলছে যে, এ ব্যবস্থা ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না এবং দেশে নির্বাচন হতেও দেবে না। আমাদের নাগরিক সমাজের অনেকেই বিরোধী দলের এই দাবি ও বক্তব্যের সঙ্গে একমত। পত্র-পত্রিকায় প্রবন্ধ-নিবন্ধ লিখে এবং টক শোর আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একটি ‘অনিবার্য’ বিষয় হিসেবে তুলে ধরেছেন অনেকেই। যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলেই রাজনৈতিক সংকট দূর হবে, দেশ রক্ষা পেয়ে যাবে, না হলে যে মারাত্মক সংঘাত-সংঘর্ষ শুরু হবে তা সামাল দেয়া অসম্ভব হবে। প্রশ্ন হচ্ছে, সত্যি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণেই দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে? তত্ত্বাবধায়ক সরকার হলেই সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটবে, দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসবে?
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে সেটা গুরুত্বপূর্ণ, নাকি সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানই অধিক গুরুত্বপূর্ণ? বলা হবে, প্রথমটি ছাড়া দ্বিতীয়টি হবে না। অর্থাত্ নির্বাচনকালে কেমন সরকার ক্ষমতায় থাকবে, সেটার ওপরই নির্ভর করে নির্বাচনে সবাই অংশ নেবে কি-না, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি-না। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। এক সময় যেটা সত্য ছিল, সব সময় সেটাই সত্য হবে— রাজনীতিতে এমন কি হতে পারে? রাজনীতি তো একটি চলমান এবং বিকাশমান প্রক্রিয়া। আমাদের দেশে নব্বইয়ের পর থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়নি। ওসব নির্বাচনের ফলাফল কি পরাজিত পক্ষ সহজ ও স্বাভাবিকভাবে মেনে নিয়েছে? পরাজিত দল কি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি? বলা হবে, তাতে কি আসে-যায়! দেশের মানুষের কাছে সে নির্বাচন সুষ্ঠু বলে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিদেশিরাও প্রশংসাপত্র দিয়েছে। কিন্তু এই গ্রহণযোগ্যতা ও প্রশংসাপত্র কি দেশের রাজনৈতিক সংকট নিরসনে কোনো বড় ভূমিকা পালন করতে পেরেছে? সংসদ কি কার্যকর হয়েছে? সংসদীয় ব্যবস্থা কি শক্তিশালী হয়েছে? সরকার কি বিরোধী দলের কাছ থেকে গঠনমূলক সহযোগিতা পেয়েছে? সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝির কি অবসান হয়েছে? নাকি প্রতিটি নির্বাচনের পর দেশ নতুন করে অনিশ্চয়তার পথে যাত্রা করেছে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ‘সুষ্ঠু, অবাধ’ নির্বাচনগুলো কি হিংসা-বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে আসার পথ দেখাতে পেরেছে? যদি এসব প্রশ্নের উত্তর ‘না’ হয়, তাহলে প্রশ্ন হলো, তারপরও কেন আমরা অনেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই ওকালতি করছি?
ভালো নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থার চেয়ে বেশি জরুরি হলো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মাইন্ডসেট পরিবর্তন। নির্বাচনে অংশ নিলে সবাই জিতবে না। অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজন প্রার্থী জিতবেন। এই জয়-পরাজয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারলেই সমস্যার অনেকখানি সমাধান হবে। এছাড়াও একটি ভালো নির্বাচনের জন্য লাগবে একটি শক্তিশালী নির্বাচন কমিশন। সরকার নির্বাচন পরিচালনা করে না, নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সদস্যরা উন্নত নৈতিক চরিত্রের অধিকারী তথা মেরুদণ্ডসম্পন্ন হলে কারো পক্ষে নির্বাচনকে প্রভাবিত করা সহজ হবে না। ভারতের নির্বাচন কমিশনের কথা আমরা জানি। ভারতের একসময়ের প্রধান নির্বাচন কমিশনার টিএন সেশনের দোর্দণ্ড প্রতাপের কথা সহজে ভোলার নয়। একজন মাত্র মানুষ সারা ভারতের নির্বাচনী রাজনীতির চিত্র পাল্টে দিয়েছিলেন। অথচ আশ্চর্যের বিষয় হলো, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের বাঘা বাঘা সব ব্যক্তিরা যতটা সোচ্চার, একটি শক্তিশালী নির্বাচন কমিশনের ব্যাপারে তারা ততটাই নীরব। একটি ত্রুটিমুক্তি ভোটার তালিকাও ভালো নির্বাচনের অন্যতম পূর্বশর্ত। আমরা এখন একটি বিতর্কমুক্ত ভোটার তালিকা পেয়েছি, পেয়েছি ছবিযুক্ত ভোটার আইডি কার্ড। এখন ভোট কারচুপি করা খুব সহজ নয়। একজনের ভোট আরেকজনের পক্ষে দেয়া কঠিন। নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব নিয়েও কাউকেই খুব বেশি মুখ খুলতে দেখা যায় না। তত্ত্বাবধায়ক সরকার কি কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন করার জন্য যথেষ্ট? নাকি এক্ষেত্রে রাজনৈতিক দলের অঙ্গীকারই নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে? আমাদের দেশে বর্তমানে শক্তিশালী গণমাধ্যম রয়েছে, যাদের সদাসতর্ক চোখ ফাঁকি দিয়ে কারো পক্ষেই ভোটের সময় অনিয়ম-দুর্নীতি করা সম্ভব হবে না। তারপরও যদি কেউ গায়ের জোরে ভোটের বাক্স দখলের অপচেষ্টা করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন, দেশে আর ১৫ ফেব্রুয়ারি ও মাগুরা মার্কা নির্বাচন হবে না— সেটা বাস্তবভিত্তিক। অবিশ্বাস ও সন্দেহ যদি মনের মধ্যে পুষে রাখা হয় তাহলে শুধু সরকার ব্যবস্থা ভালো নির্বাচনের গ্যারান্টার হতে পারে না। ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারে ফিরে যাওয়া বর্তমান পরিস্থিতিতে কতটুকু সম্ভব— সেটাও ভেবে দেখতে হবে সবাইকে নির্মোহভাবে। ‘নির্দলীয়’ কিংবা ‘নিরপেক্ষ’ ব্যক্তি খুঁজে পাওয়া খুব সহজ হবে না। বিএনপি যাকে পছন্দ করবে, আওয়ামী লীগও কী তাকে পছন্দ করবে? সবচেয়ে বড় কথা, গায়ের জোরে যেমন গণআন্দোলন গড়ে তোলা যায় না, তেমনি জোর-জবরদস্তি করে ক্ষমতায়ও থাকা যায় না। তাছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে, ক্ষমতার পরিবর্তন হলেই সব সময় ভালো হয় না। কাদের সরিয়ে, কাদের ক্ষমতায় বসানো হবে— সেটাও একটি বড় বিবেচনার বিষয় হওয়া উচিত।
লেখক : সাংবাদিক ও কলাম লেখক
ই-মেইল : bibhu54@yahoo.com