শাপলা চত্বরে যা ঘটে গেলো
ন তু ন প্র জ ন্মে র ভা ব না
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২০:৫০
শাপলা চত্বরে কি ঘটেছিল
কেউ সঠিক বলতে পারে না
শাপলা চত্বরে ৫ মে ১৩ দফা দাবি নিয়ে যে ঘটনা ঘটেছে তা বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থেকে যাবে এবং ঘটনার পর অনেকের মুখে মুখে শোনা যাচ্ছিল যে, রাতের গভীরে হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। কিন্তু লাশগুলো কোথায় এবং তাদের অভিভাবকরাইবা কোথায়? আর লাশগুলো কোথায় উধাও হয়ে গেল? যারা বলেছিল তাদের কাছে এই প্রশ্ন রইলো। যা হোক ৫ মে দিনের বেলায় মানুষ জড়ো হতে লাগলো। সন্ধ্যার পর শুরু হলো ফুটপাতের দোকান, ব্যাংক ভাংচুর, দোকানপাটে আগুন ইত্যাদি কর্মসূচি। কিন্তু এই কাজ কারা করেছে, কোন পক্ষ করেছে সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহর ওলির মাজার কি দোষ করেছিল, সেটাও তারা হামলা করলো। আচ্ছা এই কাজ যে করলো, এটা তো ইসলামবিরোধী কাজ। এখন কি হেফাজতে ইসলাম করলো, না অন্য দল মাঝপথে সুযোগ নিয়ে করলো, এটা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। তবে যারা এ কাজটি করেছে তাদের উচিত হয়নি একটি গণতান্ত্রিক দেশে এরকম ঘটনা ঘটাতে।
মো. মোশারফ হোসেন সোহাগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
৫ মে যা ঘটেছিল আর যেন
কখনো তা না ঘটে
এত বড় একটি দুর্ঘটনা সাভারে ঘটে গেল, যা আমাদের হূদয়কে স্পর্শ করে গেছে। বিবেকসম্পন্ন কোন মানুষ অশ্রু না ফেলে থাকতে পারেনি। তারপর আবার গত ৫ মে বাংলাদেশে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটলো।
কওমি মাদ্রাসাভিত্তিক একটি সংগঠন যার নাম হেফাজতে ইসলাম। হেফাজতের ১৩ দফা দাবি ছিল। দাবিগুলো পূরণের জন্য তারা সমাবেশ করে শাপলা চত্বরে। লাখ লাখ মানুষ জমায়েত হয়েছিল এই সমাবেশে। তাদের আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে নয়, ছিল নাস্তিকদের বিরুদ্ধে। তাদের শাস্তি হওয়া উচিত। প্রতিটি ধর্মপ্রাণ মানুষ তাদের শাস্তি চায়। প্রতিটি মানুষ নিজের ভেতরের সত্তায় ধর্মকে লালন করে। ঐতিহ্যগতভাবে পরিবার থেকে এ ধর্ম আমাদের মস্তিষ্কে ঢুকে যায়। অর্থ, শক্তি, ক্ষমতার উপর ধর্ম টিকে থাকে না, ধর্ম টিকে থাকে শুধু বিশ্বাসের উপর।
হেফাজত ভাইদের প্রতি একটি প্রশ্ন—ছোট ছোট বালক, কিশোরদের মাদ্রাসা থেকে এই আন্দোলনে এনেছিলেন। এই বয়সের ছেলেরা আপনাদের আন্দোলনের মাহাত্ম বুঝে কেউ আসেনি, আসতে বাধ্য করেছেন। তারা অনেকেই দরিদ্র পরিবারের। দরিদ্র বাবা-মাকে আপনারা বুঝিয়েছেন তারা মরলে শহীদ হবে। এরকম কাজ আপনারা আর কখনো করবেন না। জোর করে ধর্মকে মানুষের মনে প্রতিষ্ঠা করবেন না। কারণ ধর্মকে টিকিয়ে রাখতে অগাধ বিশ্বাসের প্রয়োজন। একেকটা জীবনের মূল্য অসীম। এই আন্দোলনে যত পুলিশ, হেফাজত কর্মী, শ্রমিক, সাধারণ মানুষ আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই প্রত্যাশাই রইলো?
মো. সাজ্জাদ হোসেন
সিএসই, বুয়েট
শাপলা চত্বর কি প্রমাণ করে
গণতন্ত্রের চরম অবনতি?
৫ মে ২০১৩ ঢাকার শাপলা চত্বরে ১৩ দফা দাবি পূরণের লক্ষ্যে সমবেত হয়েছিল হেফাজতে ইসলাম নামে একটি ইসলামী সংগঠনের। যা ঈমান ও আকিদা রক্ষার আদলে গঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। উক্ত তারিখে ইসলাম বিদ্বেষীদের নির্মূল ও দফাগুলো বাস্তবায়ন করার জন্যে সরকার কর্তৃক শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। অনুমতি দেয়া সত্ত্বেও গভীর রাতে হেফাজতে ইসলামের তাওহিদী জনতার উপর অত্যাচারের স্টিম রোলার সরকার রাষ্ট্রের গণতন্ত্রকে সর্বমহলে প্রশ্নবিদ্ধ করেছে, যা গণতন্ত্রের কল্যাণমুখী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্র মানে হচ্ছে নিজের জীবন বাজি রেখে অন্যের মতামত প্রকাশের সুযোগ করে দেয়া। সম্প্রতি বর্তমান সরকার একমাসব্যাপী সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে, যা বিশেষজ্ঞ মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। সরকারের উচিত মিসরের গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনতে ঐতিহাসিক তাহরির স্কয়ার এবং ইরানের ইসলামী বিপ্লবের সফল আন্দোলন থেকে শিক্ষা নিয়ে সার্বজনীন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা।
মো. ওমর ফারুক
লোক প্রশাসন বিভাগ, ১ম বর্ষ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
এ কেমন নিষ্ঠুরতা!
সম্প্রতি শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে তা বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে এক অশনি সংকেত। মানুষ হয়ে যে এ কাজ করতে পারে তা ভাবতে অবাক লাগে।
একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কথা এদেশের রাজনীতিবিদরা বোঝে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। অথচ আজ এই শাপলা চত্বরে পুড়েছে এই মহাগ্রন্থ।
একজন মুসলমানের সন্তান হিসেবে বলতে পারি এরা মানুষ নয়। এই ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের সমগ্র মানুষের কাছে একটাই দাবি যে, এই কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। ভবিষ্যতে যেন এ ধরনের কার্যকলাপ চোখে দেখতে না হয়। আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি। এই গণতান্তিক দেশে এক এক দল এক একভাবে চলবে। তাতে বাধা দেয়া কখনো উচিত হবে না। এই বিশ্বাসটুকু উপলব্ধি করতে হবে।
আকাশ আহমেদ (জারসা)
অনার্স সমাজবিজ্ঞান
জাতীয় বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া