টাকা আত্মসাত্ ও মারধরের অভিযোগ

উজিরপুরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাসহ আসামী ৯ জন

উজিরপুর গ্রামীণ ব্যাংক শাখার এক কর্মকর্তার টাকা আত্মসাত্ ও তাকে মারধর করার অভিযোগে এরিয়া ম্যানেজারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার বরিশাল সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাকসুদুর রহমান বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছেন এরিয়া ম্যানেজার বিশ্বজিত্ কুমার মজুমদার, ম্যানেজার শেখ রেন্দু, পিয়ন ইলিয়াস, টিপু মোল্লা ও অজ্ঞাত ৪/৫ জন। মামলা সূত্রে জানা গেছে, বরগুনা জেলার বাসিন্দা মাকসুদুর রহমানের উজিরপুর গ্রামীণ ব্যাংক শাখায় চাকরি করার সুবাদে আসামীদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে ওঠে। ২ নং আসামী শেখ রেন্দু তার স্ত্রীর অসুস্থতার কথা বলে বাদীর কাছ থেকে গত ৭ জানুয়ারি দুই লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকেন। গত ১৯ মে টাকা ফিরিয়ে দেয়ার কথা বলে ডেকে গ্রামীণ ব্যাংক অফিসে মাকসুদুর রহমানকে আটকে রেখে তার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয়। বিষয়টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে জানানো হলে ক্ষিপ্ত হয়ে আসামীরা তার ওপর হামলা চালায় এবং তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।