দৌলতদিয়ার যৌনপল্লী থেকে ২ শিক্ষার্থী উদ্ধার
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:০২
রবিবার রাতে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে পুলিশ ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে। তাদের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়। আলাপকালে উদ্ধারকৃতরা জানায়, মোকসেদপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে তারা পড়াশুনা করে। ১৭ দিন আগে স্কুলে যাবার কথা বলে মোকসেদপুর কেনাকাটা কেনাকাটা করতে গিয়ে তাদের দেরি হয়। বাড়ি ফিরলে বকা খেতে হবে এই ভয়ে দু’জন ঢাকায় যাবার সিদ্ধান্ত নিয়ে বাস কাউন্টারে টিকিট কাটতে গিয়ে অজ্ঞাত দুই যুবকের সাথে তাদের পরিচয় হয়। তার কথায় প্রলুব্ধ হয়ে একত্রে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসলে ফরিদপুরের টেপাখোলা এলাকায় রাত যাপনের পর পরদিন ভালো বেতনে চাকরির কথা বলে তাদেরকে দৌলতদিয়া যৌনপল্লীর লাকি বাড়িওয়ালীর কাছে এনে বিক্রি করে দেয়। রোববার পরিবারের লোকজন থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে লাকির বাড়ি থেকে উদ্ধার করে।